কলকাতা: প্রতিবাদের নামে পার্ক সার্কাসে তাণ্ডবের ঘটনার পুনর্নির্মাণে নামল পুলিশ। ধৃত অন্যতম ৪ অভিযুক্তকে নিয়ে এলাকায় পৌঁছে গিয়েছে এইমুহূর্তে পুলিশ। কোন গলিতে জমায়েত, কীভাবে আক্রমণ, অভিযুক্তদের নিয়ে তা বোঝার চেষ্টায় তদন্তকারী অফিসারেরা। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও চার জনকে। শেষ অবধি পাওয়া খবরে, ধৃতর সংখ্যা বেড়ে হল ৪৬।
রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেআইনি ভাবে রাস্তা অবরোধ। আর, তা তুলতে এলে পুলিশের উপর আক্রমণ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর থেকে ইটবৃষ্টি বাদ যায়নি কিছুই। পাল্টা, লাঠিচার্জ করে পুলিশও পার্ক সার্কাসের ঘটনায়, বেশ কয়েকজন পুলিশ কর্মী ও দু-জন CRPF-এর জওয়ান আহত হয়েছেন। সোমবার, তাঁদের সঙ্গে কথা বলতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের DC-র অফিসে আসেন মুখ্যমন্ত্রী।সঙ্গে ছিলেন CP-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আহত পুলিশকর্মী এবং জখম CRPF জওয়ানদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এরপর, গুন্ডামি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হঠাৎ করে কিছু লোককে জড়ো করে, ধর্মীয় শ্লোগান দিয়ে, পাথর ছোড়া এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার আছে। এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। খুব স্পষ্ট বার্তা 'জিরো টলারেন্স', এই ধরনের ভাঙচুর, গুন্ডামি, উচ্ছৃঙ্খলতা এবং দেশবিরোধী এবং অসামাজিক কাজ আমরা বরদাস্ত করব না।
পার্ক সার্কাস-কাণ্ডে এখনও পর্যন্ত, নাগমা চাঁদনি বেগম, মহম্মদ কাইফ, ওয়াসিম আজহার, মহম্মদ শামিম-সহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পার্ক সার্কাসে কাল যা করেছে পুলিশ ভাইদের সঙ্গে, তার ফল ভুগতে হবে। খুব জোর ভুগতে হবে। পুলিশের দিকে পাথর ছুড়লে, শাস্তি দেওয়ার কাজ বিজেপির সরকার করবে। আসানসোলের ফাঁড়িতে ভাঙচুর করেছে। ২০০ শতাংশ উসুল করব। যারা করেছে, তার পকেট থেকে বের করব। পার্ক সার্কাসের ঘটনায়, বেআইনি জমায়েত হিংসা ছড়ানো, মারাত্মক অস্ত্র নিয়ে অশান্তি করা, সরকারি কর্মীদের কাজে বাধা, তাঁদের মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে।
