কলকাতা: রাজ্যের পালাবদলের পর জোর কদমে শুরু হয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro Railways) -র একাধিক লাইনের কাজ। এর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ হল নিউ গড়িয়া - বিমান  বন্দর করিডোরের বেলেঘাটা স্টেশন থেকে আইটি সেন্টার স্টেশনের মধ্যের কাজ। কারণ, মাঝে মাত্র ৩০০ মিটারের কিছু বেশি অংশ না জোড়ার কারণে পুরো লাইন তৈরি থাকার পরও তা চালু করা যাচ্ছিল না। কিন্তু বাইপাসের উপর প্রধান যে কয়েকটি পিলারের উপর ভায়াডাক্ট বসানোর কাজ করতে পারেনি আরভিএনএল (Rail Vikas NIgam Limited), সেই কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। কিন্তু আগামী ১০ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে অন্য দুটি পিলারের উপর ভায়াডাক্ট বসানোর কাজ চলবে, আর সেই কারণে বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক

৮ জুলাই একটি নোটিফিকেশন জারি করে কলকাতা পুলিশ (Kolkata Police)। টিপি/৩৬ নম্বরের ওই নোটিশে তারা জানায় আগামী ১০ জুলাই শুক্রবার রাত ৮ টা থেকে ১৩ জুলাই সোমবার সকাল ৮ টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার। এর ফলে অরেঞ্জ লাইনের সুকান্ত নগরের কাছে পিলার নম্বর ৩২৬ থেকে পিলার নম্বর ৩২৭ -এর উপর বসবে ভায়াডাক্ট।

আরও পড়ুন: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

নোটিশে বলা হয়েছে চিংড়িঘাটা ফ্লাইওভার ব্যবহারকারী সব উত্তরমুখী যানবাহনকে বেলেঘাটা মেন রোড এবং ই এম বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

রাজ্য সরকার ও পুলিশের অনুমতি না দেওয়ার কারণে প্রায় ১৮ মাস আটকে ছিল মেট্রোর কাজ। ফলে, চিংড়িঘাটায় বাইপাসের উপর মাত্র ৩৬৬ মিটার অংশে মেট্রো লাইন তৈরি করা যায়নি। আর এই জটিলতার কারণে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভের মধ্যে এখনও চলাচল করে না মেট্রো। তবে, মেট্রোর সিপিআরও আগেই জানিয়েছিলেন, এই ৩৬৬ মিটার অংশ জুড়ে গেলে হয়তো এই বছরের শেষের দিক থেকেই চলাচল করতে পারবে মেট্রো।