কলকাতা: উৎসবের মরশুমে চাঁদার জুলুম (Puja Chanda) ঠেকাতে কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন উদ্যোগ। চালু করা হল টোল ফ্রি নম্বর। সাধারণ মানুষ লালবাজার কন্ট্রোল রুমে সরাসরি চাঁদার জুলুমের শিকার হলে অভিযোগ করতে পারবেন। দিনের মধ্যে যে কোনও সময় এই অভিযোগ করা যাবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের পোস্টে লেখা হয়, 'জোরপূর্বক চাঁদা আদায়ের কোনও ঘটনা ঘটলে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা নিম্নোক্ত নম্বরগুলিতে যোগাযোগ করে বিষয়টি অবিলম্বে জানান।' পুলিশের তরফে জানানো হয় ১৮০০ ৩৪৫ ৫৬৭৮ টোল ফ্রি নম্বরে যে কেউ ফোন করে দিনের যে কোনও সময়ে চাঁদার জুলুমের বিরুদ্ধে নালিশ জানাতে পারেন। তাদের তরফে হোয়াটস অ্যাপে কল করে নালিশ জানানোর জন্যও একটি নম্বর দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ৯৪৩২৬ ২৪৩৬৫ নম্বরে ফোন করে নালিশ জানানো যাবে।
প্রতি বছরই পুজোর সময় চাঁদা নিয়ে জুলুমের অভিযোগ উঠে। দিনকয়েক আগেও কোলাঘাটে চাঁদার জুলুমের ঘটনা ঘটেছিল। ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল। সেই চাঁদার বিলে আবার বিজেপি বিধায়কের নাম ছিল বলেও অভিযোগ করা হয়। বিল দিয়ে মোটা অঙ্কের চাঁদা তোলার কথা জানানো হয়। কোলাঘাটের দেউলিয়ার 'শতদল পুজো কমিটি'র বিরুদ্ধে অভিযোগ উঠে।
আরও পড়ুন:- 'দেশবিরোধী' জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা রাহুল গাঁধীর
চাঁদা চেয়ে ব্যবসায়ীদের হুমকির অভিযোগ উঠে। কোলাঘাটের ক্লাবের চাঁদার বিলে চেয়ারম্যান হিসেবে পাঁশকুড়া পূর্বের বিজেপি বিধায়কের নাম উঠে। তবে জবাবে কড়া বার্তা দিয়েছিলেন সুব্রত মাইতি। সেই পুজোর সঙ্গে তিনি সরাসরি যুক্তই নন বলে দাবি ছিল তাঁর। তিনি জানিয়েছিলেন, 'আমি কোনও পুজোর সঙ্গে সরাসরি যুক্ত নই। এই বিষয়ে আমার বিন্দুমাত্র জানা নেই। এসব কোনও ভাবে বরদাস্ত করা হবে না।'
এবার যাতে আসন্ন দুর্গাপুজোর আগেই বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশও।
