কলকাতা : প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচনে একমঞ্চ থেকে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। বিমান বসু, সুজন চক্রবর্তী, শুভঙ্কর সরকারদের উদ্দেশে বার্তা তাঁর।
কুণাল বললেন, "সব দল...তাদের নেতারা আছেন, তাঁরা তাঁদের মতো করে আন্দোলন করবেন। কিন্তু, যদি সময় আসে যে, মানুষের অধিকার চলে যাচ্ছে...ধর্মের নামে ভেদাভেদ করা হচ্ছে, তাহলে যার যার দল, তার উপরে চলে যাবে সমাজ। তার উপরে বাংলা, তার উপরে দেশ। সেটা আমরা কীভাবে করতে পারি...সেটা সব দলের সব নেতৃত্বকে ভাবতে হবে। সময়ের সঙ্গে ভারতের ইতিহাস অনেক কিছু দেখিয়েছে। বাম এবং কংগ্রেস, দীর্ঘদিনের বিপরীত মেরুর দল। 'রাজীব হটাও দেশ বাঁচাও' বলে ১৯৮৮ সালের জুলাই মাসে শহিদ মিনার ময়দানে...তখন তো বামেরাও অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে হাতে ধরে দাঁড়িয়েছিল। ফলে, কোন সময়ে কারা...কোনটা দেশের মূল সমস্যা, যেটা অনেকে মিলে সমাধান করতে হবে। সেগুলো সব দলের নেতা, তাঁরা যা করবেন ঠিক করবেন। সেই করার একটা সময় তো এসে গেছে। শুধু এটা ভাবতে হবে যে আমরা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আসল শক্তিকে হারানোর জন্য বক্তৃতা দেব, নাকি মঞ্চ থেকে নামিয়ে রাজ্যের বা দেশের মাটিতে সেই লড়াইটা নিয়ে যাবে।"
পাল্টা তোপ দেগেছে বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "এখনও পর্যন্ত নিজেদের নেতা বলে মনে করছেন, তাঁরাও তাঁদের পিছনে পিছনে হাঁটবেন। আমরা তো এটাও দেখতে চাইছি। আমরা তো বলছি যে এই অবস্থা ভাল অবস্থা নয়। গণতন্ত্রে একটি শক্তিশালী বিরোধী থাকা খুব দরকার। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় এরা এতদিন ধরে পশ্চিমবঙ্গের জল-জমি-জঙ্গল-ঘরের লক্ষ্মীর মান-খেতের ধান সবকিছু লুঠ করেছে। তারজন্য জনগণের কাছে এরা গৃহীত-পরীক্ষিত এবং পরিত্যক্ত। তারপরেও এসব কথা বলে লাভ আছে ? আপনাদের সামনে বলে কী হবে। হাঁটুন না একটা...চ্যালেঞ্জটা রইল---একদিন একটা মহামিছিল আমরাও দেখতে চাই। মমতাদেবী এগোচ্ছেন, অধীরবাবু পিছনে পিছনে হাঁটছেন বা পাশে পাশে হাঁটছেন...দু'পাশে একদিকে বিমানবাবু আর একদিকে সেলিমবাবু। আমরাও দেখতে চাই।"
এদিন স্ট্র্যান্ড রোডে প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচনে সব বিরোধীকে দেখা গেল একমঞ্চে । যেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, মদন মিত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিমান বসু, শুভঙ্কর সরকার, সুজন চক্রবর্তী, শোভনদেব চট্টোপাধ্যায়, অসিত মিত্র থেকে অশোক দেবরা।
