ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: এবার থেকে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বিবৃতি দিতে পারবেন। পুলিশ কর্মীদের জন্য নতুন গাইডলাইন জারি করল লালবাজার। নির্দেশিকা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফে।
আরও পড়ুন, " ECI অত্য়াচার করল বাবার উপরে.." ! মালদায় BLO-র মৃত্যুতে ক্ষোভ উগরে দিল সন্তান
সোশাল মিডিয়া ব্যবহারে এবার কড়া বিধিনিষেধ। পুলিশ কর্মীদের জন্য নতুন গাইডলাইন জারি করল লালবাজার। অফিসিয়াল সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এবার থেকে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই কলকাতা পুলিশের তরফ থেকে বিবৃতি দিতে পারবেন। সংবেদনশীল, অপারেশন-সংক্রান্ত বা তদন্ত-সংক্রান্ত তথ্য কোনও অবস্থাতেই ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না। পুলিশ কর্মীরা এমন কোনও পোস্ট করতে পারবেন না বা বিষয় শেয়ার করতে পারবেন না যাতে তথ্য প্রমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে, তদন্তের গতিপ্রকৃতির ইঙ্গিত মিলতে পারে বা তদন্ত প্রভাবিত করতে পারে।
সরকারি নীতি, প্রকল্প, রাজনৈতিক বিষয় বা ধর্মীয় বিষয় নিয়ে ব্যক্তিগত মতামত এমনভাবে প্রকাশ করা যাবে না যাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়, জনসাধারণের আস্থা নষ্ট হয় বা আচরণবিধি লঙ্ঘিত হয়।অন্য কোনও বিভাগ, ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, নিজের প্রতিষ্ঠান, কিংবা সরকারি কর্মসূচি সম্পর্কে জনসমক্ষে কোনও বিরূপ মন্তব্য করা যাবে না। সরকারি দায়িত্ব, পরিদর্শন বা সংবেদনশীল সফরও সোশাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করা যাবে না।নির্দেশিকা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফে।