কলকাতা: ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর করে একদল দুষ্কৃতী। বাধা দিতে গেলে মেরে নাক ও মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাম কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় লেক থানায় অভিযোগ দায়ের করল বাম কর্মী-সমর্থকরা। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই হামলা নিয়ে CPM-এর এক কর্মীসমর্থক জানান, ''কোনও দুষ্কৃতী নয়। এই এলাকায় যারা বিজেপি করেন, সেই বিজেপি কিছু সমাজবিরোধীকে  নিয়ে এসে এই কাজ করেছে।'' আর একজন কর্মী জানান, ''বহু বছর ধরে এখানে বুক স্টল করে এসেছি আমরা। কখনও হামলা হয়নি, তৃণমূলের অমলেও হামলা হয়নি আমাদের উপর। এটা প্রথমবার হল। খুব নিন্দনীয় ঘটনা।''  কলকাতার ৯২ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর (সিপিআই) মধুছন্দা দেব বলেন, ''এই ধরনের ঘটনা, আমি ২২ বছর ধরে এখানকার কাউন্সিলর ছিলাম। আগে কখনও ঘটেনি। কিন্তু এখন ঘটবে, কারণ আমি দেখছি, পাড়ায় বহিরাগত কিছু ছেলেপুলে আনাগোনা করছে। সেখানে পুলিশ কতটুকু পদক্ষেপ নিচ্ছে সেটা জানা নেই।'' উল্লেখ্য, সিপিএমের পুজোর বইয়ের স্টল নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিযোগ দেখে মনে হচ্ছে কণ্ঠরোধ করা হচ্ছে। সমস্ত স্টলই কি পূর্ত দফতরের অনুমতি নিয়ে তৈরি হচ্ছে? তা না হলে শুধু সিপিএমের বুক স্টলেই কেন অনুমতির কথা উঠছে? সেই সঙ্গে নৈহাটি এবং বনগাঁয় সিপিএমের বইয়ের স্টল তৈরিতে বাধার অভিযোগ প্রসঙ্গে বনগাঁ থানার IC-কে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় - দুর্গাপুজোয় সব স্টলের জন্য অনুমতি নেওয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে। কিনতু, সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিনই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন প্রধান বিচারপতি। 

Continues below advertisement

সম্প্রতি, দুর্গাপুজোর সময় বামেদের বইয়ের স্টলের অনুমতি দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। তিনি জানিয়েছিলেন, দুর্গাপুজো বলেন না, শারদোৎসব! আমি সব দুর্গাপূজা কমিটিকে বলব, এই তথাকথিত কমিউনিস্টরা পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে, একটা স্টলও করতে দেবেন না। সিপিএমের অভিযোগ, বিভিন্ন জায়গায় তাদের পুজোর বইয়ের স্টল করতে বাধা দেওয়া হচ্ছে। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে তারা। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন অভিযোগ দেখে মনে হচ্ছে কণ্ঠরোধ করা হচ্ছে। এটা গণতান্ত্রিক ভাবধারার বিরোধী। রাজ্য সরকারের নীতি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে। অ্য়াডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন - ''যে জায়গায় সিপিএম বুক স্টল করতে চাইছে, সেটি পূর্ত দফতরের জমি। যার কোনও অনুমতি নেওয়া হয়নি।''

Continues below advertisement