সোমক লাহিড়ি, রতুয়া (মালদা) : কোটি টাকা 'তছরুপের' অভিযোগে মালদায় গ্রেফতার পঞ্চায়েত প্রধান। ১৩ থেকে ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে। রতুয়ার সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে টাকা তছরুপ করা হয়েছে। এই ঘটনায় পুলিশের জালে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডল ও তাঁর স্বামী।

Continues below advertisement

বিস্তারিত...

ইতিমধ্যেই পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তাঁর স্বামীকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই গ্রামেই একটি কৃষি উন্নয়ন সমিতি রয়েছে। সেখানকার টাকা নিয়ে তছরুপ করার অভিযোগ উঠেছে।

Continues below advertisement

আরও অভিযোগ রয়েছে, নির্দিষ্ট আত্মীয়-স্বজনদের লোন পাইয়ে দেওয়া হত এবং সেই টাকা নির্দিষ্ট সময়ে ফেরতও দেওয়া হত না। যেসব আমানতকারী ওই সমবায়ে টাকা রেখেছিলেন, তাঁরা যখন দিনের পর দিন টাকা চাইতে গেছেন, সেই টাকা তাঁদের দেওয়া হয়নি। এরপর রাজ্যে সরকার পরিবর্তন হয় এবং আমানতকারীরা রতুয়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এদের গ্রেফতার করেছে। যদিও তাঁরা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। গ্রামবাসী এবং বিজেপির অভিযোগ, এর পিছনে রয়েছেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। তাঁর প্রশ্রয়েই এধরনের ঘটনা ঘটেছে। যদিও সমর মুখোপাধ্যায় জানিয়েছেন, এর আগে তিনি জেলাশাসকের কাছে এই পঞ্চায়েতের প্রধান এবং তাঁরা স্বামী-সহ পরিবারের লোকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তিনি চান, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। 

এ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, "মালদার রতুয়াতে বিলাইমারিতে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন সেখানকার প্রধান এবং তাঁর পরিবারের লোক। দীর্ঘদিন ধরেই সেই সমবায় ব্যাঙ্ক বন্ধ ছিল। আজ সেই প্রধানের বাড়ির লোককে গ্রেফতার করা হয়েছে। আমরা বিজেপি বলতে চাই যে, গোটা পশ্চিমবঙ্গব্যাপী তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন শুধু সমবায় ব্যাঙ্ক নয়, বিভিন্ন সেক্টরে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে। তারই বহিঃপ্রকাশ আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষ সরকার পরিবর্তন হওয়ার পরে সরব হয়েছেন এবং যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, সেখানে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তারই প্রতিফলন আজ বিলাইমারিতে।"