কলকাতা: ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে হবে জানিয়ে মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন। পালাবদলের পরেই মডার্ন ডেকোরেটিংয়ের মালিক মন্টু সাহার ফোন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সুপ্রিমোকে। মেট্রোপলিটনে তৃণমূলের ভাড়া নেওয়া কার্যালয় ছাড়তে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে করা হল ফোন।         

Continues below advertisement

বাইপাস ধাবার পাশে মডার্ন ডেকোরেটিংয়ের হোটেল ভাড়া নেয় তৃণমূল। ঠিক ছিল দুই বছরের জন্য ভাড়া নেওয়া হবে। পরে আরও দুই বছর ভাড়ার সময়সীমা বাড়ানো হয়। বিগত চার বছর ধরে বাইপাস ধাবার পাশে মডার্ন ডেকোরেটিংয়ের হোটেলটি ভাড়া নেওয়া তৃণমূলের। তবে পালাবদলের পর তৃণমূলনেত্রীকে ফোন করে ভাড়া নেওয়া পার্টি অফিসটি ছেড়ে দিতে অনুরোধ করেন মডার্ন ডেকোরেটিংয়ের মালিক মন্টু সাহা।             

Continues below advertisement

ভোটের ফল বেরতেই ওই ভাড়া নেওয়া পার্টি অফিসটিকে তথা হোটেলটিকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতি এসে ঢিল ছোড়ে বলে দাবি। এরপরেই, ভাড়া নেওয়া পার্টি অফিসটি ছেড়ে দিতে তৃণমূলনেত্রীকে অনুরোধ জানান মন্টু সাহা। এই ফোনের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় মন্টু সাহাকে আশ্বাস দিয়েছেন যে দুই মাসের মধ্যেই ওই কার্যালয় খালি করে দেওয়া হবে।            

আরও পড়ুন:- নির্বাচনে ভরাডুবি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়ের 

মন্টু সাহার দাবি, 'চার তারিখের পর, পাঁচ তারিখে এই যে গোলমাল হল, সেই সময় আমার বাড়িতে সাইনবোর্ডে কেউ ইট মারে, গালাগালিও করেছিল। চার, পাঁচদিন আগে দিদিকে ঘটনাটি জানাই। ওঁ বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন। পরে সন্ধেবেলায় আমায় বলল আমরা জুন, জুলাইয়ের মধ্যে (পার্টি অফিসটি) খালি করে দেব।'                                   

তিনি জানান ওই ঘটনার পর তাঁর গোটা পরিবার এবং তিনি আতঙ্কে রয়েছেন এবং সেই কারণেই তৃণমূল নেত্রীকে তিনি অনুরোধ করেছিলেন যাতে অন্তত সাইনবোর্ড জাতীয় জিনিসগুলি সরিয়ে ফেলা যায়। 'আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি সাইনবোর্ডটা খুলে দেব? আমার খুব টেনশন হয়ে যাচ্ছে, আমি খাব কী! আতঙ্কিত হয়ে আমি, ঘুম হচ্ছে না। তখন দিদি কথা দেন যে জুলাই মাসের মধ্যে আমি খালি করে দেব।' জানান মন্টু সাহা।