ভোপাল: অন্ধকারে রসগোল্লা ভেবে কামড় বসিয়েছিলেন। মুখের মধ্যে ফেটে বেঘোরে মৃত্যু এক ব্যক্তির। রসগোল্লা বলেই তাঁকে দেশি বোমা খাওয়ানো হয় বলে অভিযোগ। থানা থেকে কয়েক হাত দূরেই এই ঘটনা ঘটেছে। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রসগোল্লা বলে শূকর মারার দেশি বোমা খাওয়ানো হয় বলে অভিযোগ। (Man Offered Bomb As Rasgulla)

Continues below advertisement

মধ্যপ্রদেশের ডিন্ডৌরী জেলার ঘটনা। কোতোয়ালি থানার অন্তর্গত পড়রিয়া গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সি রাজেন্দ্র বরোতিয়া। মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই ছিলেন। সেই সময় তাঁর কাছে উপস্থিত হয় রাম ভগৎ বরোতিয়া। দু’জনের মধ্যে গল্প জমে ওঠে। অভিযোগ, সেই সময়ই রসগোল্লা বলে রাজেন্দ্রকে দেশি বোমা খাওয়ায় রাম ভগৎ। (Crime News)

জানা গিয়েছে, অন্ধকারে রসগোল্লা মনে করেই দেশি বোমাটি মুখে পোরেন রাজেন্দ্র। আর তাতেই তীব্র বিস্ফোরণ ঘটে। রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই বলেন, “পশুপাখি মারার বোমা ছিল। হঠাৎ বিস্ফোরণ শুনতে পাই আমরা। প্রতিবেশীদের সাহায্য চাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। অটো রিকশায় তুলে নিয়ে যাওয়া হয়।” হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান রাজেন্দ্র।

Continues below advertisement

আরও পড়ুন: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।  কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দুর্গাপ্রসাদ নাগপুরে জানিয়েছেন, রাম ভগৎ এবং অন্য আর একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানিয়েছেন, অন্ধকারে রসগোল্লা না বোমা বুঝতে পারেননি রাজেন্দ্র। কামড় বসাতেই বিস্ফোরণ ঘটে। 

জিজ্ঞাসাবাদে রাম ভগৎ জানিয়েছে, একটি ছেলে তাকে ওই বোমা দেয়। সেই ছেলেটিকেও গ্রেফতার করা হয়েছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। কোনও কারণে রাজেেন্দ্র এবং রাম ভগতের মধ্যে শত্রুতা তৈরি হয়েছিল কি না, নাকি রাম ভগতের হাত দিয়ে পাড়া-প্রতিবেশীদের কেউ ওই বোমা পাঠায়, তা দেখা হচ্ছে খতিয়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। দায়ের হয়েছে অনিচ্ছাকৃত হত্যার মামলা। পাশাপাশি, বিস্ফোরক আইনও যুক্ত করা হয়েছে। ওই বোমা এল কোথা থেকে, তাও জানাল চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের হাতে রাজেন্দ্রর দেহ তুলে দেওয়া হয়। রাজেন্দ্রর পরিবার কড়া শাস্তির দাবি তুলছে।