কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI. রবিবার দক্ষিণ দমদম পুরসভার পাঁচ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার একে একে কামারহাটি, বরানগর, দমদম-সহ আরও ছয় পুরসভার আধিকারিকদের তলবের প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় এজেন্সি।

Continues below advertisement

পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে অল আউট অ্যাকশনে নামল CBI। ইতিমধ্যে এই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি।জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ ও মদন মিত্রকে। কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেও।এবার পুরসভার আধিকারিকদের তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করল CBI। উত্তর ২৪ পরগনার কামারহাটি, দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরানগর, দমদম, পানিহাটি ও নিউ ব্যারাকপুর-সহ একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে।

এই মামলায় CBI-এর দেওয়া চার্জশিটে দাবি করা হয়, ২০১৪ সালের পর থেকে রাজ্যের ১৭টি পুরসভায় নিয়োগে কারচুপি হয়েছে। ওই সময়ে রাজ্যের ১২১ টি পুরসভায় বিভিন্ন পদে মোট ৩ হাজার ৬৫০ জনের চাকরি হয়েছে। তার মধ্যে ১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯ জনের নিয়োগই বেআইনি বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। চার্জশিটের ১১ নম্বর পাতায় CBI দাবি করে, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছিল দক্ষিণ দমদম পুরসভায়। ২০১৪ সালের পর সেখানে ৩২৯ জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। এরপরই রয়েছে কামারহাটি পুরসভা। সিবিআই রেডারে রয়েছে ৩০৩ জনের চাকরি। বরানগর পুরসভায় সংখ্যাটা ২৭৬। টিটাগড়ে ২২১, কৃষ্ণনগর পুরসভায় ২০০ ও রানাঘাট পুরসভায় ১০১ জনের নিয়োগে দুর্নীতি হয়েছে বলে চার্জশিটে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি।  এই পরিস্থিতিতে এবার পুরসভার আধিকারিকদের তলব করার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় এজেন্সি। রবিবার দক্ষিণ দমদম পুরসভার ৫ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে CBI। পাশাপাশি কামারহাটি, উত্তর দমদম, বরানগর, দমদম, পানিহাটি, নিউ ব্যারাকপুরের মতো পুরসভার আধিকারিকদের তলবের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর তদন্ত কোনদিকে এগোয়, সেটাই দেখার।

Continues below advertisement