প্রদ্যোৎ সরকার, নদিয়া : উদ্ধার ত্রাণ সামগ্রী, নবদ্বীপে পুলিশের জালে চেয়ারম্যান। অভিযুক্ত নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহাকে আটক পুলিশের। তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রিপল ও ত্রাণের শাড়ি। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো ও জলের বোতল। গতকাল বিমানকৃষ্ণের বাড়ি থেকে মিষ্টির প্য়াকেটে করে টাকা সরানো হচ্ছিল, অভিযোগ বিজেপির। গতকাল রাতে বিমানকৃষ্ণ সাহার বাড়িতে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
নদিয়ায় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। ঘটনায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহাকে আটক করেছে পুলিশ। আর তারপরই তাঁকে লক্ষ্য় করে ছোড়া হল জুতো এবং জলের বোতল। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তাঁরা জানতে পেরেছিলেন বিমানকৃষ্ণের বাড়ির পাশের এই ক্লাব ঘরে ত্রাণ সামগ্রী লুকোনো রয়েছে। এরপরই তাঁরা খবর দেন পুলিশে। গতকাল রাতে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চালিয়ে ক্লাবঘর থেকে প্রচুর পরিমাণে ত্রিপল ও ত্রাণের শাড়ি উদ্ধার করা হয়। এরপরই স্থানীয় বিজেপি নেতা-কর্মী ও স্থানীয়রা ভিড় জমান সেখানে। দফায় দফায় হয় বিক্ষোভ। অবশেষে ভোররাতে বিমানকৃষ্ণকে পাকড়াও করে পুলিশ। বিজেপির অভিযোগ, গতকাল বিকেল থেকেই বিমানকৃষ্ণের বাড়ি থেকে মিষ্টির প্য়াকেটে করে টাকা সরানো হচ্ছিল।
TMC- র দখল করা পার্টি অফিসে এ কী দৃশ্য, সারি সারি ট্রাঙ্ক, আর তা খুলতেই মিলল...
শুক্রবার রাত ১০টা নাগাদ নবদ্বীপ পুরসভার আওতায় থাকা বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং উদ্ধার হয় প্রচুর ত্রাণসামগ্রী যার মধ্যে ছিল ত্রিপল এবং শাড়ি। এরপর স্থানীয়দের অভিযোগে রাতে নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহার বাড়িতে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপর তাঁকে রাত ৩টে ৪০ নাগাদ আটক করে নিয়ে যাওয়া হয়। বিমানকৃষ্ণ সাহাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে দেখে গালিগালাজ করতে শুরু করে, তাঁকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়, জুতোও ছোড়া হয়।
কেন ওই ক্লাবে এত ত্রাণসামগ্রী মজুত ছিল, কার নির্দেশে এসব করা হয়েছিল - এইসব জানার জন্যই নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। পুরপিতার ফ্ল্যাটের পাশেই রয়েছে ওই ক্লাব। সেই ক্লাবের সভাপতি, প্রেসিডেন্ট, তাঁদের সঙ্গে এই পুরপিতার কোনও যোগ আছে কিনা, কেন ত্রাণসামগ্রী মজুত করে রাখা ছিল, বিলি কেন করা হয়নি - এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে।
