কলকাতা : প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে গতকাল পাশাপাশি দেখা গিয়েছিল প্রসূন বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে। মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়কের সঙ্গে NCPI সাংসদের কথোপকথন ঘিরে জল্পনা সৃষ্টি হয়। সেই জল্পনার প্রেক্ষিতে এবার লিখিত বক্তব্য দিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিক্রিয়া, "গতকালের অনুষ্ঠানে আমার পাশে বসেছিলেন কুণাল ঘোষ। আমরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করি, প্রিয়দা সম্পর্কে কথাবার্তা বলি। এই সংক্ষিপ্ত কথাবার্তাকে নিজেদের স্বার্থে কেউ বা কারা রাজনৈতিক রং দিয়েছেন।"

Continues below advertisement

পুরভোট কবে হবে ? কারা ঠিক কাজ করছে, কারা ভুল ? এই নিয়ে তরজার মাঝেই রাজ্য রাজনীতিতে ফের নতুন চমক। নতুন জল্পনা। শুক্রবার কংগ্রেস নেতা ও প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে, একেবারে পাশাপাশি দেখা যায় মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ ও তৃণমূলে বিদ্রোহ ঘোষণা করে NCPI-তে যোগ দেওয়া সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। যাদের মধ্যে কিছু কথোপকথন ঘিরে তৈরি হল নতুন জল্পনা। 

বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর বিদ্রোহ ঘোষণা করে, যে ২০ জন সাংসদ NCPI-তে মিশে গেছেন, তাঁদের মধ্যে একজন হলেন হাওড়ার সাংসদ ও প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনিও NDA-কে সমর্থন করে, মাস কয়েক আগে ৭ অগাস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট সেরেছিলেন। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেও উপস্থিত ছিলেন। যা নিয়ে এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সামনেই আপত্তি জানান কুণাল ঘোষ। ইঙ্গিতপূর্ণভাবে প্রথমে তাতে সমর্থনও জানান প্রাক্তন ফুটবলার ও বর্ষীয়ান সাংসদ। কুণাল ঘোষ বলেন, "একটা আলাদা উচ্চতা, আলাদা পরিচিত। এবং কত পুরনো দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি তাই প্রসূনদাকে অনুরোধ করলাম যে, প্রসূনদা দিল্লিতে এই ধোপার বাড়িতে যারা গেছেন, রাজনীতির কালিমা টালিমা এগুলো আপনাকে মানায় না।"

Continues below advertisement

পাশে বসে থাকা প্রসূন বন্দ্যোপাধ্যায় বলতে থাকেন : 'এটা ভুল হয়েছে। ঠিক ঠিক, ঠিক ঠিক...।'

সাংবাদিক : আপনি (প্রসূন বন্দ্যোপাধ্যায়) কি স্বীকার করছেন, ভুল হয়েছে ?

প্রসূন বন্দ্যোপাধ্যায় : না, ভুল হবে কেন ?

সাংবাদিক : না, কুণালদা ঠিক কথা বলছেন ?

প্রসূন বন্দ্যোপাধ্যায় : ঠিক বলছেন, ঠিক বলছেন।

পরেও কুণাল ঘোষ বলেন, "সৌজন্য যেরকম কথা হয়, উনিও কথা বললেন, আমিও বললাম। আমি বললাম, আপনি তো ফুটবল তারকা। আমাদের হিরো ছিলেন। মমতাদি আপনাকে এত স্নেহ করতেন, একটা রাজনৈতিক সাংসদ-তারকা বানালেন, আপনি দিল্লিতে ২০ জনের সঙ্গে ধোপার বাড়ি যেতে গেলেন কেন ? এতে তো আপনার নিজের সম্মানটা নষ্ট হল। উনি সেটা মানলেন। বললেন হ্যাঁ, এটা কিছু করতে হবে, ভুল হয়ে গেছে, কী করা যায়, দেখা যাক। এইটুকু। উনি ওঁর কথা বলেছেন, আমি আমার কথা বলেছি।"

কুণাল ঘোষের বক্তব্যে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন সম্মতি । এখানেই তৈরি হয় জল্পনা।