প্রদ্যুত সরকার, কৃষ্ণনগর: নেপালের মাউন্ট মানাসলুতে ভয়াবহ তুষারধসে মৃত পর্বতারোহী ধ্রুব জ্যোতি গুহের বাড়িতে গেলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক তারক নাথ চট্টোপাধ্যায় (Tarak Nath Chatterjee)। কৃষ্ণনগর ষষ্ঠী তলার বাড়িতে রয়েছেন ধ্রুব জ্যোতি গুহের বৃদ্ধ বাবা ও মা। তিনি তাঁদের সঙ্গে দেখা করেন ও কথা বলেন। তাঁরা শারীরিকভাবে এতটাই অসুস্থ যে তাঁদের ছেলে যে আর ইহজগতে নেই, সেই সংবাদটুকুও এখনও পর্যন্ত তাঁদের জানানো হয়নি।
উল্লেখ্য, রবিবার নেপালের মাউন্ট মানাসলুতে ভয়াবহ তুষারধসে ক্যাম্প-৩-এ তুষারধসে ধ্রুব জ্যোতির তাঁবু চাপা পড়ে যায়। এর ফলে মৃত্যু হয় পর্বতারোহী ধ্রুব জ্যোতি গুহ এবং নেপালের ফুরসেম্বা শেরপা। অভিযান পরিচালনাকারী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রবল তুষারপাত ও ঝোড়ো হাওয়ার মধ্যে তাঁরা ক্যাম্প-৩-এ ছিলেন। দীর্ঘ সময় যোগাযোগ না পাওয়ায় চারজন শেরপা উদ্ধারকারী তাঁদের খোঁজে যান। পরে প্রায় সাত ফুট তুষারের নীচে তাঁদের দেহ উদ্ধার হয়। গত শুক্রবার সন্ধ্যা থেকে মানাসলুতে ভারী তুষারপাত শুরু হয়। খারাপ আবহাওয়ার কারণে পর্বতারোহণ অভিযানও আপাতত ব্যাহত।
কৃষ্ণনগর উত্তরের বিধায়ক জানান ধ্রুব জ্যোতি বর্তমানে আদপে জার্মানির নাগরিক। সেখান থেকেই তিনিই সরাসরি নেপালে গিয়েছিলেন। তাঁর সিনিয়র ধ্রুব জ্যোতির পরিবারের সঙ্গে তাঁর বহুদিনের সম্পর্ক বলে জানান তারক নাথ। ধ্রুব জ্যোতির ভাই দেব জ্যোতি তাঁর বন্ধু এবং তিনিই দাদার দেহের খোঁজে দেশের রাজধানীতে যাচ্ছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী থেকে জেলাশাসক, সকলের সঙ্গেই কথাবার্তা বলেছেন বলেও জানান তারক নাথ।
আরও পড়়ুন:- পারাপারে ভরসা নড়বড়ে সাঁকো আর খেয়া, আজও জামালপুর ও রায়নার ১৫ গ্রামের কাছে দামোদর ‘দুঃখের নদ’
কৃষ্ণনগর উত্তরের বিধায়ক জানান, 'এই বিষয়ে কালকে রাতেও মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং আমাদের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে কথা বলেছি, সব তথ্য দিয়েছি। জেলাশাসকের সঙ্গেও কথা হয়েছে। ধ্রুব জ্যোতি দা জার্মানি থেকে সরাসরি নেপালে মানাসলু পর্বতারোহনে যান। তৃতীয় ক্যাম্পে যাওয়ার পরই মিসিং ছিলেন তিনি। সম্ভবত তুষারধসের মধ্যেই পড়েছেন তিনি। এ বিষয়ে ভারত সরকারের কাছে তেমন কিছু তথ্য ছিল না। কাল রাতে দেব জ্যোতির সঙ্গে এ বিষয়ে বিস্তারে আমার কথা হয়েছে। ও প্লেন ধরে নয়াদিল্লিতে যাচ্ছে। আমি বিধায়ক হিসাবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি যাতে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। মুখ্যমন্ত্রীও এ বিষয়ে সজাগ রয়েছেন। আমাকে তথ্য দিয়েছেন।'
সরকারের তরফে যতটা সম্ভব গোটা প্রক্রিয়াটা যাতে সহজে এবং ঝামেলাহীন করা যায়, সেই বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তারক নাথ। তবে ধ্রুব জ্যোতি যেহেতু জার্মান নাগরিক, তাই তাঁর দেহ কৃষ্ণনগরের কাঠুরিয়াপাড়ায় আদৌ আনা যাবে কি না, সেই বিষয়ে যথেষ্ট আইনি জটিলতাও রয়েছে বলে জানান তারক নাথ।
