গ্যাংটক : আবার ভয়াল বৃষ্টি। হু হু করে হাওয়া। নরম হয়ে যাওয়া পাহাড়ের মাটি। আবারও অশনি সঙ্কেত নেপালে। গত দুই-তিন দিনের দিনের ভারী বৃষ্টিতে ফের জায়গায় - জায়গায় ধসের খবর  সিকিম, নেপাল ও ভুটান জুড়ে। প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত সড়ক যোগাযোগ। ছোট-বড় ভূমিধসে বিপর্যস্ত জাতীয় সড়কও। বৃহস্পতিবার গভীর রাতে সিকিমের বারদাংয়ের কাছে নামে ধস। এর জেরে বিপর্যস্ত শিলিগুড়ি ও সিকিমের সঙ্গে যোগাযোগ। অবরুদ্ধ হয়ে পড়ে সিকিমের ১০ নম্বর জাতীয় সড়ক। 

Continues below advertisement

গত কয়েকদিন ধরেই প্রকৃতির রোষানলে সিকিম। কোথাও ভেঙেছে পাহাড়, কোথাও গড়িয়ে নেমেছে পাথর। কোথাও পাহাড়ি ঢাল বেয়ে নেমে এসেছে কাদা স্রোত। পুলিশ সূত্রে খবর সিকিমে বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় বিকল্প পথ দিয়ে চলছে গাড়ি।  

এরই মধ্যে উত্তর সিকিমের লাচুং-এ দেখা গেল উৎসবের ছবি। গাড়ির চালকেরা বিশ্বকর্মা পুজোর আনন্দে মেতে ওঠেন।  লাচুং-এর মালিক-কাম-ড্রাইভার্স অ্যাসোসিয়েশন জিরো পয়েন্ট থেকে ভীম নালা পর্যন্ত একটি অভিনব উদ্যোগ নেয়। লাচুংকে আরও ঝকঝকে ও পরিচ্ছন্ন করে তুলতে তারা নিজে হাতে রাস্তা থেকে সব প্লাস্টিকের বোতল, মোড়ক এবং  বর্জ্য সরায়।

Continues below advertisement

ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপালও ।  জামিরঘাটে একটি বিশাল ভূমিধসে অবরুদ্ধ পৃথ্বী হাইওয়ে । ফলে কাঠমান্ডুর দিকে আসা গাড়িগুলি পড়ে আটকে।  ধাদিং ট্রাফিক পুলিশের  তরফে জানানো হয়েছে, দুর্যোগ চলছে। তাই রাস্তা পরিষ্কার করে , পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে।  বুধবার থেকে কৃষ্ণাভীরে যান চলাচল পুনরায় শুরু হলেও আরেকটি ভূমিধসের কারণে তা আবার বন্ধ করে দিতে হয়। ভূমিধসের ফলে মুগলিন-নারায়ণগড় সড়কটিও সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। কিছুদিন আগেই ভয়ঙ্কর দুর্যোগে ক্ষতবিক্ষত হয়েছে নেপাল। শয়ে শয়ে মানুষের প্রাণ গিয়েছে, অগুনতি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না এখনও। হিমবাহ ধসে পর্যুদস্ত হয় নেপালের  রাসুয়া, নুয়াকোট জেলা,  লেন্দে খোলা ও ভোটেকোশী, ত্রিশূলী নদী উপত্যকা । নেপালের আবহাওয়া পূর্বাভাস বলছে, দেশের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে তার গড় অবস্থানের দক্ষিণে অবস্থান করছে । সেই জন্যই নেপালের বেশিরভাগ অংশে বৃষ্টির দাপট অব্যাহত।   কোশী, বাগমতী, গণ্ডকী, লুম্বিনী, কর্নালি প্রভৃতি এলাকা রাতভর  বৃষ্টিতে ভিজবে।  

ভুটান থেকেও একাধিক ভূমিধসের খবর এসেছে।  দোচুলা-ওয়াংডু পিএনএইচ বরাবর পেনজালাম ড্রুবচুতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিকল্প রুটে চালানো হচ্ছে গাড়ি।