আবির দত্ত, কলকাতা : পরপর পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতে ভাঙন ধরাবার পর এবার তৃণমূলের পার্টি অফিসও নিজেদের দখলে নিল NDA-র শরিক দল NCPI. বসিরহাট দক্ষিণ বিধানসভার শাঁকচূড়া বাজারে এতদিন যা তৃণমূলের পার্টি অফিস ছিল, সোমবার সেখানেই লাগানো হল NCPI-এর ব্য়ানার। আর তারপরই NCPI-তে যোগদান করলেন তৃণমূলের টিকিটে জেতা একদল পঞ্চায়েত সদস্য়। আর তারপর মিনাখাঁর চৈতল গ্রাম পঞ্চায়েতের ২৩ জন সদস্যের মধ্যে প্রধান, উপপ্রধান-সহ ১৯ জন সদস্য যোগ দিলেন NCPI-তে।
সোমবার কলকাতার কসবায় NCPI অফিসে এসে যোগদান করলেন তাঁরা। এর আগে তৃণমূলের হাতে থাকা ২৩ আসনের মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি-সহ ১৩ জন নির্বাচিত সদস্যই NCPI-তে যোগ দেন। পাশাপাশি মিনাখাঁর কুলটি গ্রাম পঞ্চায়েতের ২০ আসনের মধ্যে, উপপ্রধান-সহ ১৩ জন সদস্যই যোগ দিয়েছেন NCPI-এ।
বিধানসভা ভোটে তৃণমূলের হারের পর, তৃণমূলের প্রতীকে জিতে আসা ২০ জন লোকসভার সাংসদ বিদ্রোহ করে NCPI-তে মিশে যান।আর এখন সেই দলেই মমতাপন্থী তৃণমূল কংগ্রেস থেকে চলছে দলে দলে যোগদান। অথচ যাঁরা এই দলে যোগ দিতে আসছেন, তাঁরা বলছেন, তাঁরা পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ও কেন্দ্রে বিজেপি সরকারের উন্নয়নের কর্মযজ্ঞের সাথী হতে চান ! তাহলে NCPI কি বিজেপিতে ঢোকার একটা সিঁড়ি মাত্র?
উত্তর ২৪ পরগনা থেকে উত্তর দিনাজপুর - দলবদলে ভর করে একাধিক গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি তৃণমূলের থেকে ছিনিয়ে নিচ্ছে NCPI । এবার সেই তালিকায় যুক্ত হল চোপড়া পঞ্চায়েত সমিতি। মঙ্গলবার সেখানকার ২৪ জন সদস্য়ের মধ্য়ে ১৯ জনই যোগ দেন NCPI-তে। কলকাতায় কসবায় NCPI-এর অফিসে এসে শিবির বদল করেন তাঁরা। অধিকাংশ সদস্য়ের দলবদলের ফলে বোর্ডের রাশ আপাতত NCPI-এর হাতে।
তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, মাত্র ক'দিন আগে চর্চায় উঠে আসা দল NCPI, আচমকা এত ক্ষমতাশালী হয়ে উঠল কীকরে? জেলায় জেলায় তৃণমূল ভাঙিয়ে পঞ্চায়েত দখল করার মতো ক্ষমতা তারা পেল কীকরে? তবে কি এর নেপথ্য়ে বিজেপি? NCPI কি তবে বিজেপিতে যাওয়ার ওয়েটিং রুম? জল্পনা উস্কে দিয়েছে সোমবার NCPI-তে এক যোগদানকারীর এই মন্তব্য়। তিনি বলছেন, তৃণমূলে ছিলাম, আজকে বিজেপিতে যোগদান করতে এসেছি।
সব মিলিয়ে এই দলবদল এবং পঞ্চায়েত দখল ঘিরে তরজা চলছেই।
