হায়দরাবাদ : কিছুদিন আগেই  ১০ মিনিটের ডেলিভারির চক্র থেকে মুক্তি পেয়েছে ফুড ডেলিভারি সংস্থাগুলি। কিছুটা স্বস্তি পেয়েছেন ডেলিভারি  এজেন্টরা। কিন্তু তাদের দুর্ভোগ শেষ হয়নি। এবার রেটিং দেওয়াকে কেন্দ্র করে হায়দরাবাদে এক  জোম্যাটো ডেলিভারি বয়কে বেধড়ক মারধর খেতে হল।

পিৎজা হাট আউটলেটের সামনে বাঁধল ধুন্ধুমার কাণ্ড                  

এনডিটিভির একটি খবরে প্রকাশ, দেশের অন্যতম জনপ্রিয় পিৎজা প্রস্তুতকারী সংস্থা 'পিৎজা হাট'-এ নাম জড়ালো এই ঘটনায়। অভিযোগ,  গ্রাহক রেটিং নিয়ে বাগবিতণ্ডার মধ্যে পিৎজা হাট আউটলেটের সামনে বাঁধল ধুন্ধুমার কাণ্ড। রবিবার এই ঘটনাটি রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ এখন ঘটনাটির তদন্ত করছে।

অনলাইন ডেলিভারি বয়কে মারধর          

ডেলিভারি বয়ের অভিযোগ, পিৎজা হাট আউটলেটে পিকআপের জন্য যাওয়ার সময়ই ঝামেলা শুরু হয়। তিনি বলেন, যখন তিনি খাবার নিতে যান পিৎজা হাটের আউটলেটে, তখনই কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। তাঁদের দাবি, ইদানীং কালে গ্রাহকরা খারাপ রেটিং দিয়েছেন এই রেস্তোরাঁর অনলাইন ডেলিভারি সার্ভিসকে। এতে করে  রেস্তোরাঁর ভাবমূর্তিই খারাপ হচ্ছে। এর জন্য ফুড ডেলিভারি সংস্থাকেই দায়ী করেন তাঁরা।  ডেলিভারি বয় পুলিশকে জানিয়েছেন যে, বেশ কয়েকজন কর্মচারী প্রথমে তাকে কটূক্তি করতে শুরু করেন। তারপর তর্কাতর্কি শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , এরপরই ঝগড়াটা বেড়ে যায়। হিংসাত্মক রূপ নেয় ঝামেলাটা।  পিৎজা হাটের কর্মীরা ডেলিভারি বয়কে মারধর করতে শুরু করে বলে অভিযোগ। এরপর তাঁকে টেনে মাটিতে ফেলে মারতে শুরু করে বলে অভিযোগ। পুরো  ঘটনাটি আউটলেটের সিসিটিভি সিস্টেমে পাওয়া যেতে পারে বলে জানা গিয়েছে। 

ডেলিভারি বয়কে হুমকি          

ডেলিভারি বয়টি অভিযোগ করেন, তিনি ওই কর্মীদের বোঝানোর চেষ্টা করছিলেন। তিনি বলেন, রেটিং গ্রাহকরা দেন, ডেলিভারি কর্মীরা নয়, কিন্তু কর্মীরা তাঁকেই হুমকি দেন এবং আক্রমণ করেন। পুলিশ পিৎজা হাটের অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভয় দেখানোর অভিযোগে এফআইআর দায়ের করেছে। কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ভিডিওতে চিহ্নিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।                           

এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই পিৎজা হাটের কর্মীদের আচরণের সমালোচনা করেছেন।