ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম: লাভপুরে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ৪। গ্রেফতার বীরভূমের জেলা তৃণমূল সহ-সভাপতি আব্দুল মান্নান। তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি আব্দুল মান্নান, লাভপুর ১নং পঞ্চায়েতের উপপ্রধান সালাম শেখ সহ গ্রেফতার চার জনকে গ্রেফতার করল লাভপুর থানার পুলিশ।
আরও পড়ুন, ‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ, "৯১ কোটির" উৎস নিয়ে প্রশ্ন
সোমবার রাতে তাদের গ্রেফতার করে লাভপুর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। আজ তাদের বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। প্রসঙ্গত, গৃহদাহে জর্জরিত তৃণমূল। রাজ্যে ক্ষমতাচ্য়ুত হতেই নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি ফেটে পড়েছে। এরই মধ্যে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। কাউকে দেখে উঠছে চোর চোর স্লোগান। কাউকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে এলাকায়। গ্রেফতারের পর কাঁচড়াপাড়ার যুব তৃণমূল নেতা অভিজিৎ রায়কে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। মন্দারমণি থেকে অভিজিৎ রায় ওরফে বনিকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে তোলাবাজি ও ২০২১-এ ভোট-পরবর্তী সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদিকে, ভোট পরবর্তী হিংসার পুরনো মামলায় দুর্গাপুরে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষকে। যিনি আবার দুর্গাপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরও। সকালে আদালতে তোলার সময় ধৃত তৃণমূল নেতাকে ঘিরে ওঠে চোর স্লোগান। জুতো হাতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সুব্রত মণ্ডলকে। জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর অঞ্চলের তৃণমূল সদস্য সুব্রত মণ্ডল। পুলিশ সূত্রে খবর, বেআইনি অস্ত্র নিয়ে খুনের হুমকি ও মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। খড়দার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, প্রসেনজিৎ সাহাকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ তাঁর বিরুদ্ধে পুকুরভরাট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা।
অন্য়দিকে, দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষকে নিত্যাশিস মজুমদার ওরফে মনুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধ বালি পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগেও তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল।যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। অন্যদিকে, টাকা ফেরতের দাবিতে উত্তর ২৪ পরগনার হাবড়ার পুরপ্রধানের বাড়ি ঘেরাও করে এদিন বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা।প্রায় আড়াই ঘণ্টা ঘেরাও থাকার পরে মুচলেকা দিয়ে রেহাই পান তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা।
