Pratik Ur Rahman: ২০২৪ সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে লড়াই করেছিলেন প্রতীক উর রহমান, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আজ ভাষা দিবসের দিন তৃণমূলে কংগ্রেসে যোগ দিলেন তিনি। উত্তরীয় পরিয়ে, দলীয় পতাকা হাতে তুলে দিয়ে এবং ভূয়সী প্রশংসা করে প্রতীক উর- কে দলে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আমতলায় অভিষেকের সঙ্গে প্রথমে বৈঠক করতে গিয়েছিলেন প্রতীক উর রহমান। তারপর শাসক শিবিরে যোগ দেন তিনি। পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক উর রহমান। আর সেখানেই বেশ কিছু প্রশ্ন আসে প্রতীক উর রহমানের জন্য।
প্রতীক উর সিপিএমের রাজ্য কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই দুটো নাম বারবার উঠে এসেছে দীপ্সিতা ধর এবং সৃজন ভট্টাচার্য। তাঁরাও কি দলবদল করছেন? এই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র। যদিও দীপ্সিতা এবং সৃজন দু'জনেই স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান জানিয়েছেন। তাঁরা যে একেবারেই দল পরিবর্তন করছেন না, যা রটছে সেটা একপ্রকার ষড়যন্ত্র, সেকথা জানিয়েছেন দীপ্সিতা এবং সৃজন। তারপরেও অবশ্য জল্পনা থামছে না।
এদিন সাংবাদিকদের তরফে প্রতীক উর- কে জিজ্ঞাসা করা হয় আর কে কে আসতে পারেন? জবাবে সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর বলেন, 'ক'টা দিন যাক না, দেখতে পাবেন। দেখা যাবে।' এরপরই জয় বাংলা স্লোগান শোনা যায় প্রতীক উর রহমানের মুখে। এদিন প্রতীক উর-কে এই প্রশ্নও করা হয় যে, দীপ্সিতা, সৃজনরাও কি আসছেন? জবাবে প্রতীক উর বলেন, 'সেরকম কোনও কথা আমার সঙ্গে হয়নি। তবে একটু বলতে পারি দলের দমবন্ধকরা পরিস্থিতিতে অনেকেই মুখ খোলা শুরু করেছেন। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস রাজা একটু থামুন। তবে প্রাসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে। প্রশ্ন করবে 'রাজা তোর কাপড় কোথায়?'