কমলকৃষ্ণ দে, বর্ধমান: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়না দু'নম্বর ব্লকের প্রাক্তন ব্লক তৃণমূল (TMC News) সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা। ধৃতকে রবিবার পেশ করা হয় বর্ধমান আদালতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধবডিহি থানার গোপালপুর গ্রামের বাসিন্দা রাজু রায় গত ২০ জুন ২০২৬ তারিখে মাধবডিহি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ২০২১ সালের ৪ঠা মে সন্ধ্যায় সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা, শেখ হালিম ওরফে শেখ হাসিম, আব্দুল হালিম-সহ আরও কয়েকজন হোটেলে ঢুকে লোহার রড ও হাঁসুয়া নিয়ে হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করে দুই লক্ষ টাকা দাবি করে এবং হোটেলের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এমনকী পরেরদিন অভিযুক্তরা জোর করে তাঁর বাড়িতে ঢুকে পুনরায় টাকার দাবি করে বলেও অভিযোগ।
আরও পড়ুন:- কোদাল হাতে পুকুর পরিষ্কারে নেমে পরিবেশ রক্ষার বার্তা মন্ত্রীর, শিশুদের পোলিও খাওয়ালেন আরেক বিধায়ক
টাকা দিতে অস্বীকার করলে তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে এবং বাড়িতে ব্যপক ভাঙচুর করা হয় বলে জানান অভিযোগকারী। বাড়ি থেকে কিছু নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি আরও টাকা না দিলে তাকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।পরবর্তীকালে একাধিকবার হুমকির মুখে পড়ে অভিযুক্তদের টাকা দিতেও বাধ্য হন বলে অভিযোগে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, চলতি বছরের ২ এপ্রিল সন্ধ্যায় ফের তাঁকে হুমকি দেওয়া হয়। এরপরও একাধিকবার তাকে হুমকি দেওয়া হয়।অবশেষে গত ২০ জুন তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রাজু রায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে মাধবডিহি থানার পুলিশ এবং শেখ কলিমুদ্দিন ওরফে বাপ্পাকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবার পেশ করা হয় বর্ধমান আদালতে।
