রানা দাস, পূর্ব বর্ধমান - আর জি করে লিফটকাণ্ডের পর এবার কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙল চাঙড় ! পূর্ব বর্ধমানের কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রে বেহাল দশা, ভাঙল চাঙড়, মৃত্যু শিশুর। ঘুমন্ত অবস্থায় বাচ্চাটির মাথায় ভেঙে পড়ে চাঙড়। মৃত্যু হয়েছে ৪ মাসের শিশুকন্যার। কোয়ার্টারের বেহাল দশা অনেকদিন ধরেই। আগেও অভিযোগ জানানো হয়েছে। তবে লাভ হয়নি কিছুই। প্রাণের ঝুঁকি নিয়েই পুরনো কোয়ার্টারে রয়েছেন অনেকে, অভিযোগ পরিবারের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, দাবি কাটোয়ার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
ঘুমন্ত অবস্থায় মাথায় ভাঙল চাঙড়! মর্মান্তিক মৃত্যু হল ৪ মাসের শিশুকন্যার। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারের ছাদের চাঙড় খসে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল ৪ মাসের শিশুকন্যার। মৃত শিশুটির মা শিবানী সোরেন কাটোয়া পুরসভার অধীনে একটি স্বাস্থ্যকেন্দ্রে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত এবং বাবা সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। কর্মসূত্রে এই কোয়ার্টারে থাকত এই পরিবার।
গতকাল দুপুরে, ঘুমন্ত অবস্থায় আচমকা শিশুটির মাথায় ভেঙে পড়ে ছাদের চাঙড়। পরিবারের বাকি সদস্যরা অল্পের জন্য রক্ষা পেলেও গুরুতর জখম হয় প্রিয়দর্শী। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, কোয়ার্টারের বেহাল দশা নিয়ে একাধিকবার অভিযোগ জানালেও, মেরামতির কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই, এখানকার একাধিক পুরনো কোয়ার্টারে বসবাস করছেন অনেকে। এ প্রসঙ্গে কাটোয়া মহকুমার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কেতুগ্রামের ঘটনায়, ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে। গোটা ঘটনায় নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স।
কয়েকদিন আগেই আর জি কর হাসপাতালে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা
লিফটে আটকে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা বছর ৪০- এর যুবকের। লিফটে সমস্যা ছিল আগে থেকেই। তাও চলছিল ওই লিফট। স্বভাবতই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। পরিকাঠামোগত একাধিক সমস্যাও নজরে এসেছে আর জি করের এই মর্মান্তিক ঘটনার পর। এই ঘটনার রেশ কাটেনি। তার আগেই এবার মর্মান্তিক খবর এল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে। ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এতটাই বেহাল দশা যে এবার তার জেরে প্রাণ হল এক ৪ মাসের শিশুর। একাধিকবার এই বেহাল দশা নিয়ে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলেই জানিয়েছে বাচ্চাটির পরিবার।
