Purba Medinipur News: রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুরে পথ দুর্ঘটনা। কাঁথির রসলপুরের রাস্তায়, পরপর ৪টি দোকান ভেঙে সোজা লাইট পোস্টে ধাক্কা মারল ১২ চাকার বালি বোঝাই ডাম্পার। পলাতক ডাম্পারের চালক। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ ঘটে এই অঘটন। রাতেই ঘটনাস্থলে আসে পেটুয়াঘাট কোস্টাল থানার পুলিশ। রাতে দোকান বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। পুলিশের দাবি, রাতের অন্ধকারে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ১২ চাকার ভালি বোঝাই লরির ধাক্কায় ওই চারটি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সজোরে ধাক্কা লাগায় লাইট পোস্টটিও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Continues below advertisement

কয়েকদিন আগেই প্রায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছে হলদিয়ায় 

হলদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা হয়েছে কয়েকদিন আগেই। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারে একটি গ্যাস ট্যাঙ্কার। হলদিয়ার তালপুকুরের কাছে ঘটে এই ভয়ানক দুর্ঘটনা। সিসিটিভিতে ধরা পড়েছে দ্রুত গতিতে আসা গ্যাস ট্যাঙ্কারের পরপর দোকানে ধাক্কা মারার দৃশ্য। বেসামাল হয়ে একের পর এক দোকানে গ্যাস ট্যাঙ্কারের ধাক্কা মারার দৃশ্য দেখে আঁতকে উঠেছেন সকলে। এই দুর্ঘটনায় আহত হন ৭ জন। চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয় হলদিয়া মহকুমা হাসপাতালে। 

Continues below advertisement

নদিয়ায় মারাত্মক পথ দুর্ঘটনা 

রাস্তায় দাঁড়িয়ে চলছিল পিকআপ ভ্যানের মেরামতির কাজ। সেই সময়ই পিছন থেকে ডাম্পারের ধাক্কা। নদিয়ার ধুবুলিয়ায় বাহাদুরপুরে, ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল পিকআপ ভ্যানের চালকের। নাম রতন মণ্ডল(৪৫)। বাড়ি পলাশিপা়ড়া থানার ঈশ্বরপুরে। এই ঘটনায় আহতের সংখ্যা আরও ৩. স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে, পলাশিপাড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বাহাদুরপুরের কাছে, গাড়িতে কিছু সমস্যা দেখা দেওয়ায়, দাঁড় করিয়ে তা সারাচ্ছিলেন গাড়ির চালক ও অন্যান্যরা। সেই সময়, নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে একটি ডাম্পার। স্থানীয়রা তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয়। 

কলকাতায় ইকো পার্কের কাছে দুর্ঘটনা 

নিউটাউনে ফের দুর্ঘটনা। ইকোপার্কের কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসস্ট্যান্ডে ধাক্কা। তারপরই ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল চার চাকা গাড়ি। আশঙ্কাজনক অবস্থায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালক সহ গাড়িতে থাকা ৩ জন সওয়ারি। তাদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ। পুলিশ সূত্রে দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। আজ ভোরে প্রথমে ইকোপার্কের ২ নম্বর গেটের সামনে থাকা বাসস্ট্যান্ডে ধাক্কা মারে গাড়িটি। এরপর ১ নম্বর গেট থেকে এগিয়ে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছে, গাড়িতে থাকা ৩ জনকে উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ।