মালদা: নিউ ফারাক্কায় আগেই মেরামতির কাজ শেষ হয়েছিল। এবার সফল ভাবে রেললাইনের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত বিশেষ ভারী মেশিন বা Ballast Cleaning Machine (BCM)-এর ট্রায়াল রান হয়। শনিবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে এই ট্রায়াল রান হয় বলে ইতিমধ্যে তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway)।
রেলপথ মেরামতির পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর আগে এটি ছিল চূড়ান্ত অপারেশনাল পরীক্ষা। ট্রায়াল রানের মাধ্যমে ট্র্যাকের কার্যক্ষমতা ও নিরাপত্তা যাচাই করা হয়েছে বলেও জানা গিয়েছে। পূর্ব রেল (Eastern Railway) -র পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রেল লাইনের মেরমতির কাজ সম্পূর্ণ হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষাও সফলভাবে শেষ হয়েছে। ফলে সংশ্লিষ্ট রুটে যাত্রীবাহী ট্রেন পরিষেবা ফের চালুর পথ পরিষ্কার হয়েছে।
পূর্ব রেল (Eastern Railway) তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, সফল ট্রায়াল রান স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিরাপত্তা যাচাইয়ের পর এখন যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু করার প্রস্তুতি চলছে।
নিউ ফরাক্কার এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলে যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। সফল ট্রায়াল রানের পর এবার ওই রুটে যাত্রীবাহী ট্রেন পরিষেবা ফের শুরুর অপেক্ষা।
