কলকাতা: শুক্রবার রামনবমীর মিছিলে হামলা-পাল্টা হামলার অভিযোগে রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর। ইটবৃষ্টি, লাঠি-বাঁশ হাতে সংঘর্ষ, ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, গতকাল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আজ সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে। রঘুনাথগঞ্জ থেকে শুরু করে ফুলতলা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী। রাতভর উপদ্রুত এলাকায় চলেছে পুলিশি টহল। এ ঘটনায় রাজ্য পুলিশের DG-র কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। 

Continues below advertisement

ইটবৃষ্টি দিয়ে শুরু। তারপর লাঠি-বাঁশ হাতে একে অপরের দিকে তেড়ে যাওয়া। সংঘর্ষ, ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, ভোটের মুখে, রামনবমীর মিছিলে হামলা-পাল্টা হামলার অভিযোগ ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। পরিস্থিতি সামলাতে গিয়ে হিমশিম অবস্থা হল পুলিশের। মোতায়েন করা হল র‍্যাফ, কমব্যাট ফোর্স। নামল কেন্দ্রীয় বাহিনী।

ঘটনার সূত্রপাত, শুক্রবার বিকেল ৫টা নাগাদ। মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক থেকে শুরু হয় রামনবমীর মিছিল। প্রায় ৫০০ মিটার এগিয়ে সেই মিছিল পৌঁছয় ফুলতলা মোড়ের কাছে। অভিযোগ সেখানে পৌঁছতেই, মিছিলের ওপর ইটবৃষ্টি শুরু হয়ে যায়। প্রথমে ছত্রভঙ্গ হয়ে গেলেও, কিছুক্ষণের মধ্যে ফের এগোতে শুরু করে রামনবমীর মিছিল। অভিযোগ, এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। লাঠি বাঁশ হাতে একে অপরের ওপর চড়াও হয় দু'পক্ষই।  রামনবমীর মিছিল থেকেও হামলার অভিযোগ ওঠে। রঘুনাথগঞ্জের এই ফুলতলা মোড় জমজমাট এলাকা। এখানেই রয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল। পাশেই বাসস্ট্যান্ড! এ হেন জনবহুল এলাকায় হঠাৎ করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বেধে যাওয়ায়, উপস্থিতি পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। 

Continues below advertisement

একাধিক দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতী। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগও করা হয়। ভাঙচুর করে উল্টে দেওয়া হয় গাড়ি। অবাধে ভাঙচুর চলে বাসেও। বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলার পর, বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অজিত সিং যাদব।

পরে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। অশান্তি যাতে আর ছড়িয়ে পড়তে না পারে, তারজন্য পদক্ষেপ করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুরের পাশাপাশি গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই পুলিশকে অ্যালার্ট করা হয়েছে।