রুমা পাল, সুমন ঘরাই ও সৌমিত্র রায়, কলকাতা : ২০২৪ সালের ৯ অগাস্ট । প্রায় ২ বছর আগের এই দিনে আর জি মেডিক্য়াল কলেজে, কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে, দেশকে, বিশ্বকে। শোক থেকে ক্ষোভ, ক্ষোভ থেকে প্রতিবাদ, প্রতিবাদের আগুন,  দাবানলের আকার নেয়। এবার সেই ফাইল ফের খুলল বদলে যাওয়া বাংলায়। ৩জন IPS অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনায় সবচেয়ে বড় মোড় ! খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা। জানিয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। 

Continues below advertisement

আরজি কর কাণ্ডের তদন্তে খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা। সাফ জানিয়ে দিলেন বর্তমান মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সাসপেন্ড করা  হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসারকে। নজরে বিভিন্ন ফোনকল ও হোয়াটসঅ্যাপ চ্যাট। R G কর-কাণ্ড নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার।  মুখ্যমন্ত্রী বলেছেন, ঘটনার তদন্তের সময় কোনও মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর তরফে কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। তদন্তে সমস্ত পারিপার্শ্বিক তথ্য, ফোন কলের রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাটও পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। অভয়ার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। তাঁর দাবি, এর ফলে রাজ্যের মান-মর্যাদা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে এ বিষয়ে আরও একাধিক পদক্ষেপ নেওয়া হবে। 

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ( Adhir Ranjan Chowdhury) এ প্রসঙ্গে বলেন, গোটা তদন্ত প্রক্রিয়ার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেই। তাঁর কথায়, সে সময় তিনি পুলিশমন্ত্রীর দায়িত্বেও ছিলেন, ফলে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলির দায়ও তাঁর উপর বর্তায়।

Continues below advertisement

মুখ্যমন্ত্রী ( Suvendu Adhikari ) -র নির্দেশের পর নতুন করে আশার আলো দেখছে ‘অভয়া’র পরিবার। এ প্রসঙ্গে ‘অভয়া’র মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক ( Ratna Debnath )অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দোষীদের আড়াল করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, অভিযুক্তদের রক্ষা করতে জনগণের করের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। কেন এমন করা হয়েছে, সেই প্রশ্নেরও জবাব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।             

এবার দেখার আরজি কর ফাইলস থেকে নতুন কিছু বেরিয়ে আসে কি না।