কলকাতা: আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহের তড়িঘড়ি সৎকারকাণ্ডে ফের গ্রেফতার। ভিনরাজ্য থেকে গ্রেফতার সোমনাথ দে। বেঙ্গালুরু থেকে পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার।
এর আগে ওড়িশার বিভিন্ন জায়গা, হায়দরাবাদে সোমনাথ দে-র খোঁজে তল্লাশি করেছিল পুলিশ। আজ বেঙ্গালুরুর সিটি সিভিল কোর্টে তোলা হবে সোমনাথ দে-কে। আদালত থেকে ট্রানজিট রিমান্ডে তৃণমূল নেতাকে নিয়ে আসা হবে পশ্চিমবঙ্গে। এর আগে এই মামলায় নির্মল ঘোষকে ওড়িশার বালেশ্বর থেকে গ্রেফতার করেছিল পুলিশ।
অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি তুললেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। পাশাপাশি অভিযোগ তুললেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এর আগে ওড়িশা থেকে গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এই নির্মল ঘোষের বিরুদ্ধেই জোর করে অভয়ার দেহ দাহ করার অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের বাবা। নতুন করে দায়ের হওয়া FIR-এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন, বৃষ্টি-দুর্যোগ আরও বৃদ্ধির আশঙ্কা? একাধিক জেলায় বানভাসি পরিস্থিতি, কমলা সতর্কতা জারি
আর জি কর থেকে পানিহাটি শ্মশান, শুরু থেকেই ছিলেন নির্মল ঘোষ। অন্যদিকে, পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-র বিরুদ্ধে ডেডবডির ডিসচার্জ সার্টিফিকেটে জোর করে সই করিয়ে নেওয়ানোর অভিযোগ তুলেছিল অভয়ার পরিবার। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়-সহ এই তিনজনকেই গ্রেফতারের দাবি জানিয়েছিলেন অভয়ার মা।
এ প্রসঙ্গে এর আগে শুভেন্দু অধিকারী বলেন, 'আশ্চর্য হয়ে যাবেন, (মৃতদেহ) সিরিয়াল ৩-এ ছিল। ১ করেছে। ক্রিমেশন কস্ট (নিহতের) বাড়ির লোক দেয়নি। সই করতে হয় বাড়ির লোককে, সই ছিল না। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই ৩ জন এই কাণ্ড করেছে। আমি CP ব্যারাকপুর আছে, এটাতে CBI নেই। দয়া করে নতুন মামলা রুজু করুন এবং যথাযথ পদক্ষেপ করুন। আমার যা করার আছে করব। 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে 'অভয়া'র বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।'
