রেজিনগর : উপ নির্বাচনের আঁচে ফুটছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে মুর্শিদাবাদের রেজিনগর! হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের পাশাপাশি এবার যথেষ্ট ঘটনাবহুল রেজিনগরও। এর মধ্য়ে পুলিশের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে, রেজিনগরে নির্বাচনে প্রচার না করার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। পুলিশের উদ্দেশে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ভোটে লড়বেন না জানিয়েও, পরে মত পরিবর্তন করেছেন। আর এবার রেজিনগর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল RSP। কোদাল-বেলচা প্রতীক না-পেয়েই এই সিদ্ধান্ত জানিয়েছে আরএসপি।
রেজিনগর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে RSP। নিয়মের জন্যই কোদাল-বেলচা প্রতীক দেওয়া যাচ্ছে না, জানানো হয় ১৯ সেপ্টেম্বর, দাবি RSP-র। দল বা প্রার্থীকে কমিশনের বিজ্ঞপ্তির আগে বা পরে কোনও সতর্কীকরণ বার্তা পাঠানো হয়নি বলে অভিযোগ করেছে RSP। কমিশন ও পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে উপনির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিজেপি, অভিযোগ করেছে RSP। আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে , জানিয়েছে RSP। রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে RSP।
হুমায়ুন কবীরের হোম গ্রাউন্ডে, তাঁরই ছেড়ে দেওয়া আসনে আম জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়ছেন AJUP প্রধানের ছেলে গোলাম নবি আজাদ। এরইমধ্য়ে আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে 'অডিওকাণ্ডে' সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বিভিন্ন অভিযোগে ভোটের আগেই গ্রেফতার হয়েছেন একাধিক AJUP কর্মী। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে রেজিনগরের উপনির্বাচনের প্রচার না করার ঘোষণাও করেন তিনি।
অন্যদিকে শনিবার রেজিনগরে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীকে ঘিরে চলে টানটান নাটক! এনিয়ে এবার মারাত্মক দাবি করলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, 'SP সাহেবের ইচ্ছায়, বেলডাঙার IC-র ইচ্ছায় ধরে নিতে হবে এটা শুভেন্দু অধিকারী, আবু তাহের খানদের মনোনীত প্রার্থী'। পাল্টা জবাব দেন রবিউলও।
বিধানসভা ভোটে রেজিনগর ও নওদা দুটি বিধানসভা কেন্দ্রে লড়ে দুটিতেই জয়ী হন হুমায়ুন কবীর। এরপর রেজিনগর ছেড়ে দেন তিনি। সেখানেই উপ নির্বাচন হচ্ছে। রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজ্য সম্পাদক শাখারভ সরকার। এখন রেজিনগরে নির্বাচনের ফলাফলই বলবে মানুষ কী চায়।
