কলকাতা: ভোটে বিপর্যয়ের পর তৃণমূলের একটা বড় অংশের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। কারও কারও মুখে আবার শোনা যাচ্ছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভূয়সি প্রশংসা। এরই প্রেক্ষাপটে এবার শুক্রবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন তৃণমূলের বহু জনপ্রতিনিধি। এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে চারটি জেলার প্রশাসনিক বৈঠক হয়। মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই চার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে হাজির হয়েছিলেন চার জেলার জনপ্রতিনিধিরা। সেই তালিকায় ছিলেন সাগরদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস (Bayron Biswas)। বৈঠক শেষে বায়রনের গলায় মুখ্যমন্ত্রীর জন্য় দরাজ সার্টিফিকেট।

Continues below advertisement

বায়রন বিশ্বাস বলছেন, 'প্রশাসনিক বৈঠক শেষে যা বুঝলাম যে খুবই ভাল উন্নতি হবে। উন্নয়ন হবেই। ভবিষ্য়ৎটা যা দেখছি তাতে একেবারেই মনে হচ্ছে না যে আমরা বিরোধী। মনে হচ্ছে আমরা বিজেপিরই একটা অঙ্গ। আমরা বিজেপির বিধায়ক।' বায়রনের কথাতে মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন প্রশংসা শুনে বোঝা দায় যে তিনি আসলে সাগরদিঘির তৃণমূল বিধায়ক। 

উল্লেখ্য়, এদিনের প্রশাসনিক বৈঠকে নদী ভাঙনের সমস্য়া থেকে সীমান্ত সুরক্ষা সহ একাধিক প্রসঙ্গ। সামশেরগঞ্জ, বেলডাঙ্গা, মোথাবাড়িতে অতীতে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, যাতে তা আর না ঘটে, তা নিয়েও বৈঠক থেকে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের আনা থেকে, হাসপাতালের উন্নয়ন। নদী ভাঙন থেকে BSF আউটপোস্ট ভিজিট। মালদায় মুখ্য়মন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সূত্রের খবর এদিনের প্রশাসনিক বৈঠকে সামশেরগঞ্জ, বেলডাঙ্গা, মোথাবাড়িতে অতীতে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, যাতে তা আর না ঘটে, তা নিয়ে মালদার বৈঠক থেকে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, পুলিশবাহিনীর আধুনিকীকরণ করতে হবে। আধুনিক সরঞ্জাম কিনতে হবে। 

Continues below advertisement

আয়ুষ্মান ভারত নিয়েও বড় বিবৃতি দেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, পরিযায়ী শ্রমিকরা যেখানেই থাকুন না কেন, সেখান থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। তিনি আরও বলেন, মানুষের মধ্য়ে একটা ধারণা আছে, অনেক কিছু থাকলে, আয়ুষ্মান ভারত পাবেন না। যাদের স্বাস্থ্য়সাথী আছে, সেটাই আয়ুষ্মান ভারতে ট্রান্সফার হয়ে যাচ্ছে।  আয়ুষ্মান ভারত গোটা ভারতে কাজ করবে। প্রশাসনিক বৈঠকে এসেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর ও ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমন।