কলকাতা: ফের দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একইসঙ্গে করলেন সতর্কও। শুক্রবার, বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল কলকাতা উত্তর সাংগঠনিক জেলা মহিলা মোর্চা। সেই অনুষ্ঠানেই অরাজকতা থেকে দলবদল-সহ একাধিক ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন শাসক দল মমতা তৃণমূলকেও। এবারই প্রথম নয়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কড়া বার্তা দিচ্ছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু তারপরেও বিভিন্ন ইস্যুতে বিজেপির দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।                            

Continues below advertisement

তোলাবাজি সহ একাধিক ইস্যু নিয়ে দলীয় কর্মীদের মঞ্চ থেকেই কড়া বার্তা দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, এই অরাজকতা চলতে দেওয়া যাবে না। একদম চিহ্নিত করুন, আমাদের দলের পতাকাকে, আমাদের দলের রংকে যারা কলঙ্কিত করতে চাইছে, তাদের বিরুদ্ধে থানায় FIR করুন। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছে, আমাকে কাগজ দেবেন, আমি তাদের জেলে ঢুকিয়ে দেব। বিজেপির নাম ব্যবহার করে কিছু জায়গায় দু-একটি ঘটনা ঘটছে, তাতে মানুষ দুঃখ পাচ্ছে। এই মানুষগুলোকে চিহ্নিত করুন। কিছু কিছু জায়গায় পুলিশ মনে করছে আমরা মণ্ডল সভাপতি। এটাও আছে। আবার কিছু মণ্ডল সভাপতি তিনি ভাবছেন, পুলিশ আমার কথাতেই চলবে, তিনি শুভেন্দু অধিকারী, পুলিশমন্ত্রী। এই দু'টোর কোনওটাই গ্রহণ করা হবে না।'' 

নিজের দলের কর্মীদের পাশাপাশি শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন শাসক দল মমতা তৃণমূলকেও। তিনি বলেন, ''তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে যা করেছে, তার ২% যদি বিজেপি ফিরিয়ে দিত, তাহলে তৃণমূল কংগ্রেসের অনেক MLA, অনেক কাউন্সিলর জীবিত থাকতে পারতেন না। আমরা কোনও ধরনের প্রতিহিংসার পথে হাঁটিনি।''                                   

Continues below advertisement

বিজেপি কর্মীদের তোলাবাজি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। তিনি বলেন,  ''আমি এটা অস্বীকার করব না, আর এটা খুব দুঃখজনক ব্যাপার। কেন, তোলাবাজি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে ততদিন আপনার পুরোপুরি মানুষের আস্থা ফেরত আসবে না। আমি ব্যক্তিগতভাবে যতটা আমার বিধানসভার মধ্যে বন্ধ করতে পেরেছি, তাও যে ১০০% করতে পেরেছি, তা না।''