উত্তর ২৪ পরগনা :  ফের শিরোনামে সন্দেশখালি।  পুরনো মামলার তদন্তে সক্রিয় হল সিবিআই। সন্দেশখালি ( Sandeshkhali ) তে ২০১৯ সালের ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় ফের বড় পদক্ষেপ করল সিবিআই ( Central Bureau of Investigation )। ৩ বিজেপি কর্মী খুনের মামলায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে CBI। এই ঘটনায় নতুন করে শিরোনামে সন্দেশখালি।  ৬ বছর আগে রাজনৈতিক হিংসা তিন তিনটে প্রাণ কেড়ে নিয়েছিল। এত বছর ধরে বিচারের অপেক্ষায় গুমরে মরেছে স্বজনহারাদের পরিবারের সদস্যরা। রাজ্যে ক্ষমতার বদলের পরে অবেশেষে কিছুটা আশার আলো দেখছেন তাঁরা।

Continues below advertisement

কী ঘটেছিল ২০১৯ সালের ৮ জুন?

তদন্তকারী সংস্থার দাবি,  ২০১৯ সালে লোকসভা ভোটের পরে ৮ জুন সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। ওইদিন পতাকা খোলাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বেধে যায়।  ঘটনায় প্রাণ হারান সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল। সেই সময় থেকেই নিখোঁজ রয়েছেন দেবদাস মণ্ডল। সুকান্ত মণ্ডল , প্রদীপ মণ্ডলএবং দেবদাস মণ্ডলেকে খুনের অভিযোগ ওঠে। অভিযোগ, বিজেপি কর্মী সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডলের চোখে গুলি করা হয়। দুই কর্মীর মৃতদেহ উদ্ধার হলেও বিজেপি কর্মী দেবদাস মণ্ডলের মৃতদেহ মেলেনি। 

খুনের ঘটনায় প্রথমে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীকালে আদালতের নির্দেশে তদন্তভার নেয় CID। রাজ্য সরকারি সংস্থার উপর ভরসা না থাকায় গতবছর জানুয়ারি মাসে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতদের পরিবার। আদালত সেই আবেদনে সাড়া দেয়।

Continues below advertisement

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ ১০জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃত কাদের মোল্লা হাটগাছি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান।  নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী জানালেন, 'আমরা সত্যের পক্ষে ছিলাম, তাই সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।  শেখ শাহজাহান বাহিনী যেভাবে এলাকায় সন্ত্রাস চালিয়েছে, খুন, জখম, লুঠ, নারী নির্যাতন, জমি দখল, সবকিছু মিলিয়ে মানুষকে পুরো জর্জরিত করে দিয়েছে।   এত বড়বড় অপরাধী, খুনি, কাল যখন CBI-এর হাতে গ্রেফতার হয়েছে এটা শুনে মানুষের মনে একটা আস্থা জন্মেছে,  ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের ন্যায় বিচার দেবে।'

শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ

তদন্তে উঠে এসেছে, এই ঘটনায় স্থানীয় প্রভাবশালী একাধিক ব্যক্তির যোগ থাকতে পারে। সেই সূত্র ধরেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।