সনৎ ঝা, শিলিগুড়ি: ঘোষপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, সরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২৭। শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে ২৭ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা।
আরও পড়ুন, শপথের দিনেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রাজ্যে ! কী বলছে IMD ?
শিলিগুড়িগামী একটি সরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত ২৭
ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি সরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের চালক-সহ মোট ২৫ জন যাত্রী আহত হন। পাশাপাশি ট্রাকের চালক ও সহচালকও জখম হন।দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে নামে।আহতদের উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, সংঘর্ষের পর ট্রাকের চালক গাড়ির ভিতরে আটকে পড়েছিল। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়।
উত্তরবঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা
সম্প্রতি উত্তরবঙ্গে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। সেবারও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরেই দুর্ঘটনা হয়েছিল। আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ৩১ নম্বর জাতীয় সড়কের তোর্ষা সেতুতে সাতসকালে ঘটেছি্ল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি কন্টেনার ট্রাক ও একটি টিপার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে আচমকাই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কন্টেনার ট্রাকটি শেষমেষ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে তোর্ষা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় কন্টেনার ট্রাকের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । এদিকে ওই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় থানা পুলিশ ও উদ্ধারকারী দল। কিন্তু ততক্ষণে সব শেষ। ওই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল সেদিন।
যদিও দুর্ঘটনার পর এই কারণগুলিই অধিকাংশ ক্ষেত্রে সামনে উঠে আসে
অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণেই অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। কখনও আবার যান্ত্রিক ত্রুটিও সামনে বেরিয়ে আসে। পুলিশের তরফে সচেতনতা মূলক বার্তা প্রায় গোটা রাজ্যে প্রদান করা হয়, সবসময়। যদিও হুঁশ ফেরেনি এই বেপরোয়া গাড়ি চালকদের। যার দরুণ বারবার এই দুর্ঘটনা ঘটছে। গাড়ি চালানোর শুরু আগেই, গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি আছে কিনা, তা দেখে নেওয়া যেমন জরুরি, তার পাশাপাশি গাড়ি চালানোর সময় মদ্যপান বা চালানোর আগে মদ্যপান পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। যদিও দুর্ঘটনার পর এই কারণ গুলিই অধিকাংশ ক্ষেত্রে সামনে উঠে আসে।
