কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্য়ে আগামীদিনে শিক্ষাব্য়বস্থার গতিপথ কী হবে? তার রূপরেখা ঠিক করতে, মুখ্য়মন্ত্রীর নির্দেশে, বিকাশ ভবনে, স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বসলেন বিজেপি বিধায়করা। বৈঠক শেষে, সিলেবাস বদলেরও ইঙ্গিত দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।  তৃণমূল জমানায় শিক্ষাক্ষেত্রে উঠেছে মারাত্মক দুর্নীতির অভিযোগ। সেই সঙ্গে সামনে এসেছে শিক্ষায় রাজনীতিকরণের অভিযোগও। এবার ক্ষমতায় এসে শিক্ষাক্ষেত্রের গা থেকে সেই কালি মুছতে উদ্য়োগী বিজেপির সরকার।

Continues below advertisement

শিক্ষা নিয়ে বৈঠক!

বর্তমানে, শিক্ষা দফতর রয়েছে মুখ্য়মন্ত্রীর হাতে। সূত্রের খবর, সোমবার, মুখ্য়মন্ত্রীর নির্দেশে, বিকাশ ভবনে যান শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, কল্য়াণ চক্রবর্তী সহ একাধিক বিজেপি বিধায়ক। বৈঠক করেন, স্কুল শিক্ষা সচিব বিনোদকুমার সহ শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, রাজ্য়ে আগামীদিনে শিক্ষাব্য়বস্থার গতিপথ কী হবে, তার রূপরেখা, শিক্ষাব্য়বস্থায় স্বচ্ছতা আনা, এই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা হয় বৈঠকে। এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'পশ্চিমবঙ্গে শিক্ষার মান, শিক্ষার গৌরব, আজকে ধুলোয় লুটোপুটি খাচ্ছে। এই সময়কালে শিক্ষাক্ষেত্রের দুর্নীতি, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ধরনের সমস্য়া পশ্চিমবঙ্গের মানুষের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। আমরা সেই অভাগা রাজ্য়ে এতদিন বাস করছিলাম, যেখানে শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়েছে, উপাচার্যকে জেলে যেতে হয়েছে। শিক্ষার যে মান, যে হৃতগৌরব, সেটাকে আমরা ফিরিয়ে আনতে চাই'।

Continues below advertisement

বদলে যাবে সিলেবাস?

এদিনের বৈঠক শেষে, সিলেবাস বদলেরও ইঙ্গিত মিলেছে। সিলেবাস থেকে সিঙ্গুরের কারখানা বিরোধী আন্দোলনের অংশ বাদ দেওয়ার প্রশ্নে, এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এইদিন সিঙ্গুরের ইতিহাস পড়ানোর ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'সিলেবাসের ব্য়াপারে, রিভিউ হবে এবং সেটাও আমাদের মাননীয় মুখ্য়মন্ত্রীর সাথে কথা বলে, কত দ্রুত এই বিষয়গুলিকে আমরা মানুষের সামনে নিয়ে আসা হবে, সেটা আমরা জানিয়ে দেব।আমি শুধু এটুকু বলে রাখি, কোনও অন্য়ায়, অন্ধকার যে বিষয়গুলো এতদিন সিলেবাসে ছিল, সেগুলো থাকবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন।' প্রসঙ্গত, পাঠ্যে যে সিঙ্গুর আন্দোলনের অংশ রয়েছে, সেখানে বহু তৃণমূল নেতার ভূমিকাও আজও স্কুল পাঠ্য! পালাবদলের পরে কি বদলে যাবে সেই পাঠ্য? উত্তর দেবে ভবিষ্যৎ।

আরও পড়ুন: Sona Pappu Arrested: অবশেষে ED-র হাতে গ্রেফতার সোনা পাপ্পু! জমি প্রতারণা ও তোলাবাজির গুরুতর অভিযোগ