ডায়মন্ড হারবার : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বন্ধ লাইব্রেরি থেকে উদ্ধার হল পেটি পেটি মদের বোতল ! বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে এই লাইব্রেরি তৃণমূলের দখলে ছিল। গতকাল ডায়মন্ড হারবারের কপাটহাটের এই লাইব্রেরির বাইরে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর বন্ধ লাইব্রেরি থেকে উদ্ধার করা হয় পেটি পেটি মদের বোতল !

Continues below advertisement

পোকায় খাওয়া, পচে যাওয়া কাঁড়ি কাঁড়ি টাকা ! ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র। ছাদে মদের বোতল। কলেজে AC বেডরুম। অত্যাধুনিক স্নানঘর।কলকাতার বুকে সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় দিনকয়েক আগেই চোখ কপালে ওঠার জোগাড় হয় রাজ্যবাসীর।

কীভাবে কলেজের ভিতরেই চলছিল তৃণমূল নেতার মৌরসিপাট্টা ? কলেজের ঘর দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছিলেন তৃণমূল নেতা ও তাঁর দলবল ? সুরেন্দ্রনাথ কলেজ থেকে পচে যাওয়া টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের সূত্রে খবর, কলেজের প্রাক্তন গভর্নিং বডির সদস্য তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং ভেন্ডর পরিতোষ দত্তর বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা সহ BNS-এর একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা।

Continues below advertisement

কিন্তু কে এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও পরিতোষ দত্ত ? দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শিয়ালদার সূর্যসেন স্ট্রিটে। তিনি এবং তাঁর ছেলে শিবাশিস পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী। এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত দেবাশিস। সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন পরিচালন সমিতির তৎকালীন সরকার মনোনীত সদস্য। দেবাশিসের ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ ল' কলেজেরই প্রাক্তনী। কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকও ছিলেন। বর্তমানে তিনি কলেজের গেস্ট লেকচারার। কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, পরিতোষ দত্ত একজন ভেন্ডর। অভিযোগ, তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় মারফত কলেজের যাবতীয় বরাত পেতেন। 

অভিযুক্ত তৃণমূল নেতার এক প্রতিবেশী বলেছেন, "দূর দূর থেকে আসত। কেউ রেফারেন্স নিয়ে আসত। যাও দাদার কাছে যাও, যা খরচা লাগে দেবেন, আপনাকে ভর্তি করে দেবে। অনেককে কলেজের ভেতরেও চাকরি দিয়েছেন। আমাদের পাড়ারও ২-৪জন করে ওখানে। পার্মানেন্ট কি না জানি না, টেম্পোরারি করছেন।"

পুলিশ সূত্রে খবর, কলেজের প্রাক্তন পরিচালন সমিতির সদস্য তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং ভেন্ডর পরিতোষ দত্তর বিরুদ্ধে জামিন অযোগ্য অস্ত্র আইনে FIR দায়ের করেছে মুচিপাড়া থানা।

মঙ্গলবার বিকেলে টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পড়ে যায় কলেজে। রাতে ওই ঘর থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।