বিজেন্দ্র সিংহ, কলকাতা : কলকাতা পুরসভায় ভোটের নির্ঘণ্ট এখনই প্রকাশ করা যাবে না। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শেষ অবধি পুরসভার ভোট কবে হবে? তা নিয়ে জোর জল্পনা চলছে। এরই মধ্যে সোমবার সর্বোচ্চ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি হবে । হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে এখন জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। । সুপ্রিম কোর্টে ইতিমধ্য়েই রাজ্য সরকার ও কলকাতা পুরসভা পৃথকভাবে মামলা করেছে। আজ জোড়া মামলারই শুনানি হবে । তবে সোমবার এই মামলাগুলির শুনানি শুরুর আগেই ক্যাভিয়েট দাখিল করেছে মমতা তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তাদের বক্তব্য়, তাদের কথা না শোনার আগে যেন কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়।
পুরভোট নিয়ে মামলা হল কেন ?
গত ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০৯। এখানেই আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। তাঁর অভিযোগ ছিল, সম্পূর্ণ বেআইনিভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। যেখানে জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হওয়ার কথা, সেখানে ভোটারের সংখ্যার নিরিখে তা করা হয়েছে। আরও অভিযোগ ছিল, ভোটে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এটা করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে, কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর বেঞ্চ, কলকাতা পুরসভা, রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশনকে ৩ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। তারপর আরও এক সপ্তাহ সময় দেওয়া হয় মামলাকারীকে। কিন্তু ওই সময়ের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়ে যেতে পারে, এই ভাবনা থেকে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারী। পরে এই মামলায় যুক্ত হন মমতা তৃণমূল কংগ্রেসের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ও।
এই মামলার শুনানিতেই, আপাতত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাল্টা এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
এরই মধ্যে সব ওয়ার্ডে কোঅর্ডিনেটর নিয়োগ করে পরিষেবা চালু রাখার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ভোটের দিন নিয়ে অনিশ্চয়তায় দুষেছেন বিরোধীদের। বিজেপির বাহুবলীদের কোঅর্ডিনেটর নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছে মমতা-তৃণমূল। সিপিএমের দাবি, বিজেপির এজেন্টকে ওয়ার্ড কোঅর্ডিনেটর করা বেআইনি কাজ।
