কলকাতা: প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে বিশ্বকর্মা যোজনার সূচনা করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এদিন নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এটিকে 'অন্নপূর্ণা দিবস' হিসেবে ঘোষণা করেন। আর সেই সঙ্গে বাংলায় বিশ্বকর্মা যোজনার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন এই যোজনা নিয়ে কথা বলতে গিয়ে আগের সরকারকে ফের বিঁধলেন শুভেন্দু অধিকারী।
বাংলার মুখ্য়মন্ত্রী বলেন, 'আপনারা জানেন যে আমি বিরোধী দলনেতা ছিলাম। সে সময় আমি বারবার বিধানসভাতেও বলেছি যে পশ্চিবঙ্গের তৎকালিন সরকার কেন বিশ্বকর্মা যোজনায় যুক্ত হচ্ছেন না কেন? প্রত্যেক জেলাশাসককে আগের সরকার বলে দিয়েছিলেন বিশ্বকর্মা যোজনায় কোনও কাজ যাতে না করা হয়। শুধু এই যোজনাই নয়, বিগত দিনে ভারত সরকারের কোনও প্রকল্প এই রাজ্য়ে চালু করতে দেয়নি আগের সরকার।' মুখ্যমন্ত্রী আরও বলেন, ''আয়ুষ্মান থেকে বিশ্বকর্মা যোজনা, এতদিন কেন্দ্রের প্রকল্পের সুফল পায়নি রাজ্য। বিশ্বকর্মা যোজনায় উপকৃত হবেন স্বর্ণশিল্পী থেকে। হস্তশিল্পীরা, কাঠের মিস্ত্রী থেকে মৃৎশিল্পী, সবাই উপকৃত হবেন।'
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন। গঙ্গার ঘাটে ঘাটে জ্বলল প্রদীপ। আতসবাজি থেকে লেজার শো, উড়ল ফানুস। হাওড়া ব্রিজে আলোর রোশনাই। নরেন্দ্র মোদি জন্মদিনে রাজ্যজুড়ে মেগা ইভেন্ট। এদিন সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে 'অন্নপূর্ণা দিবস'-এর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখান থেকে ১ কোটি ৫৬ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাসিক কিস্তি ৩ হাজার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী 'সেবা সংকল্প অভিযান' পালন করবে বিজেপি। এমনটাই জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ডাকাত কালী মন্দির ও সংলগ্ন শিব মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করেন অরূপ কুমার দাস। সেই সঙ্গে মন্দিরে আসা ভক্তদের পুজোর প্রসাদ হাতে তুলে দেন সিঙ্গুরের বিধায়ক। তিনি বলেন, 'আজকের দিনে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যাতে প্রধানমন্ত্রী দীর্ঘ জীবন লাভ করেন এবং দেশ তথা বিশ্বের জন্য যেভাবে কাজ করছেন তা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারেন।'
উল্লেখ্য, নরেন্দ্র মোদির জন্মদিন পালনে বিশেষ আয়োজন করা হয়েছিল পাটনায়। বুধবার পটনার কালীঘাটে মোদির জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল। প্রথমে বৈদিক মন্ত্রোচারণ, ৭৬ জন পুরোহিতকে দিয়ে আরতি, তার পর শঙ্খধ্বনি দিয়ে মোদির মঙ্গলকামনা করা হয়। এর পর মোদির কাটআউট এনে ‘দুগ্ধাভিষেক’ করানো হয়। ৭৬ কেজি দুধ ঢালা হয় ছবিটির উপর।
