বিটন চক্রবর্তী, কাঁথি:  কাঁথিতে চিত্তরঞ্জন মহাপাত্রর বাড়ি। শিশির অধিকারী এগরার আদি বাসস্থান ছেড়ে এই বাড়িতে এসেই ভাড়া ছিলেন। শুভেন্দু অধিকারীর ছোটবেলার অনেকটাই এখানে কাটানো। তাই এই বাড়ির উঠোন-দালান-ঘর-মাঠ জুড়ে অধুনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ছেলেবেলা। এই বাড়িতে তাঁকে সবাই চেনে বুবাই বলে। এই বাড়িতেই জন্ম তাঁর। বাড়ির মহিলাদের কথায়, ছোট থেকেই ফর্সা ধবধবে ছিল, মাথা ভর্তি চুল, কিছুতেই চুল কাটতে চাইত না। এখনও তাঁদের মনে পড়ে স্কুল যাওয়ার সময় ছোট্ট বুবাইয়ের সে কী কান্না! মা বকবে এই ভয়েই স্কুল যেত অধিকারী বাড়ির মেজ-ছেলেটি। তবে পড়াশোনায় সে বরাবরই ভাল। 

Continues below advertisement

সেই বাড়ির এক সদস্যই জানালেন, শুভেন্দু দা বা বুবাই দার সঙ্গেই বেড়ে ওঠা , তারপর ছাত্র রাজনীতি। কলেজ জীবনে যখন ছাত্র আন্দোলনে হাতেখড়ি হয়, তখন শুভেন্দু দা ছাত্র নেতা। ১৯৯৫ সালে দাদা যখন প্রথম কাউন্সিলর হন, তখন আমরা ছিলাম ক্যাম্পেনার। আরেক সদস্যের কথায়, আমরা জানতাম, উনি একদিন এমন পোজিশনেই যাবেন। কারণ খেলার সময় উনিই থাকতেন লিডার ! 

আটের দশকের শেষপর্বে কাঁথির প্রভাতকুমার কলেজে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি শুভেন্দু অধিকারীর। লড়াইয়ের সেই শুরু। দীর্ঘ পথ পেরিয়ে ৫ বছর বিরোধী আসনে কাটিয়ে এবার তিনিই শাসকের ভূমিকায়। শনিবার ব্রিগেডে শপথ নিলেন বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। 

Continues below advertisement

২০০৯-এর লোকসভা ভোটে তমলুকে লক্ষ্মণ শেঠকে হারিয়ে প্রথম বার সাংসদ হন শুভেন্দু। তার আগে ২০০৬ সালে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে বাবার জায়গায় বসেন শুভেন্দু। ২০১৪ সালের লোকসভা ভোটে ফের তমলুক কেন্দ্রে জেতেন তিনি। ২০১৬ সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু। ২০২০-র ১৯ ডিসেম্বর অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু। ২০২১ সালে নন্দীগ্রাম থেকে মমতাকে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে পরাজিত করেন মমতাকে। নন্দীগ্রামেও জেতেন বিপুল ভোটে।                 

স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ। গেরুয়া পোশাকে রাজ্যপাল আরএন রবির কাছে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চেই শুভেন্দু অধিকারীকে আলিঙ্গন করেন নরেন্দ্র মোদি-অমিত শাহ। গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ব্রিগেডের মঞ্চে এদিন নতজানু হয়ে পশ্চিমবঙ্গবাসীকে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি।প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণে এদিন ব্রিগেডে ছিল চাঁদের হাট। শনিবার আক্ষরিক অর্থেই রচনা হল নতুন ইতিহাস।

আরও পড়ুন : আজ শপথ প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, গেরুয়া রঙে সেজে উঠছে ব্রিগেড