ঝিলম করঞ্জাই, জয়ন্ত পাল ও শিবপ্রসাদ পাল, কলকাতা : কী কারণে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে (Suvendu Adhikari's Personal Assistant Chandranath Rath's Murder Case) ? নেপথ্যে কাদের হাত ? মঙ্গলবার এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

Continues below advertisement

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। ভোটের ফল বেরোনোর পর তাঁকে গুলি করে খুন করা হয়। মঙ্গলবার এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন, "২ কোটি টাকা খরচ করা হয়েছে ওঁকে (চন্দ্রনাথ রথ) সরিয়ে দেওয়ার জন্য়। এই টাকা সরবরাহের কাজ ভাইপো গ্য়াংয়েরা করেছে।" তিনি আরও বলেছেন, "চন্দ্রকে যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে, আমি মনে করি, যে চন্দ্রর সবচেয়ে বড় অপরাধ ছিল, তিনি বিরোধী দলনেতাকে সহযোগিতা করতেন।"

একইভাবে নিহত চন্দ্রনাথ রথের মা ও নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথ বলেন, "ভবানীপুরে যদি না হারত, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাহলে আজকে হয়তো আমার ছেলেটার জীবনটা নিয়ে ছেলেখেলা হত না। এটা আমার মনে হয় যে, ভাইপো গ্যাং আছে।"

Continues below advertisement

পাল্টা তৃণমূলের বক্তব্য়, কেন্দ্রে-রাজ্য়ে দু'জায়গাতেই এখন বিজেপির সরকার। শুভেন্দু অধিকারীর তৎকালীন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্ত করেছে সিবিআই, তারাও কেন্দ্রের এজেন্সি। তাহলে এখনও অবধি রহস্য় উন্মোচন করা হচ্ছে না কেন ? 'কালীঘাট-তৃণমূল'-এর বিধায়ক কুণাল ঘোষ বলেন, "কার হাতে তদন্ত ? তদন্তটা কার হাতে ? হয় রাজ্যের এজেন্সি নয় কেন্দ্রের এজেন্সি- দু'টোই তো বিজেপির। এখন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলে দিলেন যে, ওমুক করেছে, অমুক গ্যাং করেছে। আইনের ক্ষেত্রে আপনার কাছে যদি তথ্য, প্রমাণ থাকে আপনি এতদিন ব্যবস্থা নেননি কেন?" তাঁর আরও বক্তব্য, "পুলিশ মন্ত্রী তো নিজেই তিনি তো মুখ্যমন্ত্রী। তো এই যে একজনের মৃত্যু হল এতদিনেও তার রহস্যের সমাধান হল না !"

পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, " মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন অবশ্যই যে তদন্ত হয়েছে পুলিশের দ্বারা, তার ওপরে কিছু ভিত্তি করেই উনি বলছেন।" রাজনৈতিক দোষারোপ-তরজা তো চলবেই, কিন্তু প্রশ্ন হল, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে কেন খুন করানো হয়েছিল, সেটা কি কোনওদিন সামনে আসবে ? Nandigram By Election 2026