কলকাতা: প্রথমবার বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। শনিবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। আর দায়িত্ব পাওয়ার পরই নিজেদের বাংলা ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে চাইছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আজ আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ হয়েছে বিজেপি সরকারে এসেছে। এখনও আমরা প্রাথমিক অনেক কাজই করে তুলতে পারিনি। যেভাবে মাননীয় নরেন্দ্র মোদিজির নেতৃত্বে চারধাপ, আদি গুরু শঙ্করাচার্য সেজে উঠেছে, মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়িনী সেজে উঠেছে। অযোধ্যায় রামমন্দির তৈরি হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে। এভাবে ভারতে বহু আস্থার জায়গা মোদিজীর নেতৃত্বে তাঁর তদারকিতে নতুন রূপ পেয়েছে। ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহ্যশালী জায়গা, আস্থার জায়গা গুলোকে নবরূপে সেজে তোলার কাজও আমাদের থাকবে। পাশাপাশি হেরিটেজ ও বিশিষ্ট মনীষীদের বাড়ির জায়গাগুলোতেও আমরা তাকাব। দক্ষিণ কলকাতা বা ভবানীপুর এলাকায় ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি আছে, তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসুরও কর্মভূমি রয়েছে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক জগতের দিকপাল সত্যজিৎ রায় থেকে উত্তর কুমার, তাঁদেরও স্মৃতি বিজরিত। আমরা বাংলা ও বাঙালির সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য সবাই একসঙ্গে কাজ করব। আমাদের একটু সময় দিতে হবে।'
এদিন, কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা-বাঙালির সংস্কৃতি, কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চরৈবেতি, চরৈবেতি। অগণিত মানুষের ভিড় ঠেলে সুসজ্জিত মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। হাঁটু গেড়ে প্রণাম করেন। নতুন সরকারের দায়িত্ব নিয়ে, কবিগুরুর আদর্শকে পাথেয় করে চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। তিনি আরও বলেন, 'বাংলা বাঙালি, বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দিয়ে হয় না। তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল।'
উল্লেখ্য, আটের দশকের শেষপর্বে কাঁথির প্রভাতকুমার কলেজে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি শুভেন্দু অধিকারীর। লড়াইয়ের সেই শুরু। দীর্ঘ পথ পেরিয়ে ৫ বছর বিরোধী আসনে কাটিয়ে এবার তিনিই শাসকের ভূমিকায়। শনিবার ব্রিগেডে শপথ নিলেন বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম দুটো কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। দুটো কেন্দ্রেই জিতেছেন তিনি।
