নন্দীগ্রাম: আজ ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবস। সেই উপলক্ষে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় নন্দীগ্রামের নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, ''শহিদদের বলিদান, ভুলবে না নন্দীগ্রাম। বশ্যতা বিরোধের সংগ্রাম, আজও ভুলিনি নন্দীগ্রাম।'' এই নন্দীগ্রাম থেকেই ২০২১ এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু।
অন্য়দিকে, এই নন্দীগ্রাম দিবস নিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, 'নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ বিশ্বের সকল শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি'। নন্দীগ্রাম দিবসে শহিদদের অন্তরের গভীর প্রণতিও জানিয়েছেন তৃণমূলনেত্রী।
এদিকে, আজ বাংলায় নরেন্দ্র মোদির ব্রিগেড। প্রধানমন্ত্রীর পরিবর্তন সঙ্কল্প সভা ঘিরে সাজোসাজো রব। দুপুর ১ টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী। ১ টা ৪৫ নাগাদ রেস কোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। রেস কোর্সের হেলিপ্যাড থেকে নরেন্দ্র মোদি যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রথমে প্রশাসনিক সভার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী। তারপর পরিবর্তন সঙ্কল্প সভায় যোগ দেবেন নরেন্দ্র মোদি।
এখনও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলেও আগামী ২-৩ দিনের মধ্য়েই তা ঘোষণা করা হবে বলে আভাস মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। বিজেপির এবার পাখির চোখ পশ্চিমবঙ্গ, আজ ব্রিগেড থেকেই পরিবর্তনের বার্তা দেবেন নরেন্দ্র মোদি।। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে মঞ্চ। ইতিমধ্যেই জেলা থেকে কলকাতামুখী বিজেপি কর্মী-সমর্থকরা। ব্রিগেডমুখী বিজেপি কর্মী, সমর্থকরা এসে পৌঁছচ্ছেন শিয়ালদা স্টেশনে। সেখানে তদারকির দায়িত্বে রয়েছেন সজল ঘোষ। দূরদূরান্ত থেকে আসা বিজেপি কর্মী সমর্থকদের জন্য শিয়ালদা স্টেশনের বাইরেও দলের তরফে খাবারের ব্যবস্থা করা হয়েছে। মেনুতে রয়েছে, সাদা ভাত, মুগ ডাল, বাঁধাকপির তরকারি, আচার ও টোমাটোর চাটনি। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে তৈরি করা হয়েছে সেলফি জোন। সেখানে নরেন্দ্র মোদির কাটআউটের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপির কর্মী সমর্থকরা।
প্রধানমন্ত্রীর মোদির ব্রিগেড সমাবেশের আগের রাতে শহরজুড়ে গো ব্যাক মোদি লেখা হোর্ডিং অনেক হোর্ডিংয়ে লেখা রয়েছে 'STOP INSULTING ICONS OF BENGAL'। অনেক হোর্ডিংয়ে লেখা 'বাংলার টাকা ফেরত দাও'। বিমানবন্দর থেকে উল্টোডাঙা যাওয়ার পথে একাধিক হোর্ডিং পড়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিভিন্ন জায়গায় দেখা গেছে মোদি বিরোধী পোস্টার। যদিও কে বা কারা হোর্ডিং দিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
