কলকাতা: এক একটা করে দিন পেরোচ্ছে আর যেন আরও একটু করে বেড়ে যাচ্ছে, LPG সংকট। সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে বিভিন্ন দোকান, রেস্তোরাঁ সমস্ত জায়গাতেই পর্যাপ্ত সাপ্লাই নেই LPG-র। এই পরিস্থিতিতে যে দোকানগুলি সবচয়ে বেশি সমস্যায় পড়েছে, তার মধ্যে একটি হল মিষ্টির দোকান। গ্যাস সঙ্কটের প্রভাব ঐতিহ্যের নকুড় মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবসাতেও। অনেকগুলো পেট ব্যবসার সঙ্গে জড়িত। দোকান বন্ধ রাখতে চাইছি না। গ্যাস বাঁচাতে মালাইয়ের আইটেম বন্ধ করেছি, কড়াপাকের মিষ্টি তৈরি কমিয়ে দিয়েছি। ঘণ্টাখানেক সঙ্গে সুমনে এসে জানালেন মিষ্টান্ন ব্যবসায়ী পার্থ নন্দী।
এদিন ঘণ্টাখানেক সঙ্গে সুমন-এর অনুষ্ঠানে এসে তিনি বলেন, 'গতকাল অবধি বুঝতে পারিনি, কিন্তু এবার বুঝতে পারছি, গ্যাসের সংকট হচ্ছে। গ্যাস ডিস্ট্রিবিউটাররাও বুঝতে পারেননি, এতটা সমস্যা হবে। কিন্তু এবার সত্যিই সমস্যা হচ্ছে। বিয়ের মরসুমটা সদ্য পেরিয়েছে। কিন্তু দোকানের নিয়মিত বিক্রিবাটা রয়েছে। অনেক স্টাফ, অনেক কর্মচারী, অনেক সাপ্লায়ার রয়েছে। অনেকগুলো সংসার, অনেক পেট জড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে দোকান বন্ধ হয়ে যাওয়াটা একটা বড় বিষয়। সেই কারণে চেষ্টা করছি দোকানটা চালিয়ে যাওয়ার।'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন-এর অনুষ্ঠানে এসে মিষ্টান্ন ব্যবসায়ী পার্থ নন্দী আরও বলেন, গ্যাস বাঁচাতে মিষ্টির দোকানের একাধিক আইটেমে কাটছাঁট করা হয়েছে। গ্যাস বাঁচাতে বন্ধ হয়েছে মালাইয়ের আইটেম। খুব কমিয়ে দেওয়া হয়েছে কড়াপাকের মিষ্টি তৈরি। সন্দেশ জাতীয় মিষ্টি, যাতে গ্যাস কম লাগে সেই ধরণের মিষ্টি তৈরি করার দিকে জোর দেওয়া হচ্ছে। চেষ্টা করা হচ্ছে, যতদিন সম্ভব এইভাবে টেনে দেওয়া যায়। অনেক দোকানদার জানাচ্ছেন, কর্মীরা অনেকেই ছুটিতে চলে গিয়েছে। তবে ব্যবসা বন্ধ করে দিতে চান না, এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি মানুষের জীবন ও জীবিকা।
অন্যদিকে, প্রতিদিনই ডেকার্স লেনে খাবারের দোকানে ভিড় করেন হাজার হাজার অফিসযাত্রী। খাবারের দোকান সারি সারি। বিক্রি এতই বেশি যে, কারও প্রতিদিন ৩ টে করে সিলিন্ডার লাগে। কারও ২টো। কিন্তু এখন অনেক দোকানদারই পাচ্ছেন না সিলিন্ডার। দিনে একবার খাবার বানাচ্ছেন কেউ কেউ। কাটছাঁট করা হয়েছে আইটেমেও। এক খাবার বিক্রেতা বলছেন, ৩ হাজার টাকা দিয়েও মিলছে না সিলিন্ডার। সেই কারণে অর্ধেকের বেশি আইটেম বানাতেই পারেননি অর্ধেক দোকানদার। অনেক জায়গায় দেখা যাচ্ছে, মাখা অবস্থায় পড়ে রয়েছে ময়দা, মাঝপথেই শেষ হয়েছে গ্যাস! চিত্ত বাবুর দোকানে দেখা গেল কয়লা মজুত করার মতো ছবিও।
