অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : এবার বিপদ একেবারে ঘরের কাছে ! কলকাতার নামিদামি রেস্টুরেন্টের রান্নাঘর থেকে উদ্ধার হল কিলো কিলো বাসি পচা মাছ মাংস, অস্বাস্থ্যকর ফুড কালার,  পচা চিংড়ি।  মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পড়েই, খাবারের মান নিয়ে বিরাট অ্যাকশনে নেমেছে খাদ্য দফতর। মঙ্গলবারই বাদুড়িয়া, মধ্যমগ্রামের নামিদামি রেস্তোরাঁয় মিলেছে বাসি, পচা মাংস। রান্নাঘরের ছবি দেখে গা শিউরে উঠেছে ভোজন রসিকদের। জেলা থেকে জেলায় হোটেল - রেস্টুরেন্টের হেঁশেলের অস্বাস্থ্যকর ছবি উঠে আসছে। অভিযান চানালো হয়েছে  সল্টলেক, শক্তিগড় থেকে দিঘাতেও।   স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি নয়। এ সব বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। তারপরই কলকাতার বড়সড় রেস্টুরেন্টগুলিতেও পৌঁছে যাচ্ছেন  পুরসভার আধিকারিকরা । কলকাতার জনপ্রিয় ফুড হাব, ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযানে যে ছবি উঠে এল, তা গা শিউরে ওঠা। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত করল পুরসভা।

Continues below advertisement

ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মাছ-মাংস। কবেকার মাছ-মাংস, উল্লেখ ছিল না তারিখ। তাই কোনও ঝুঁকি না নিয়েই সেই সব মাংস বাজেয়াপ্ত করে পাঠিয়ে দেওয়া হল ধাপায়। অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খোলা অবস্থায় রাখা ছিল প্রচুর মাছ-মাংস। দাবি কলকাতা পুরসভার কর্মীদের । 

অন্যদিকে পর্যটনের ভরা মরসুমে রিসর্টে রিসর্টে এখন পর্যটকদের ভিড়। এরই মধ্যে জলপাইগুড়ি লাটাগুড়ির একাধিক রিসর্টের রেস্তোরাঁয় মিলল নষ্ট খাদ্যসামগ্রী। বুধবার, গরুমারা সংলগ্ন লাটাগুড়ির একাধিক রিসর্টে অভিযান চালাল প্রশাসন। মহকুমাশাসকের নেতৃত্বে রিসর্টগুলির রান্নাঘর ও ফুড স্টোরে চলে অভিযান।  বেশ কয়েকটি রিসর্টের রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ ও নষ্ট হয়ে যাওয়া খাদ্যসামগ্রী । লাটাগুড়ির ৩ টি রিসর্টকে সতর্কও করা হয়েছে প্রশাসনের তরফে।

Continues below advertisement

অন্যদিকে, হুগলির ভদ্রেশ্বরে বিধি না মানায় বন্ধ করে দেওয়া হয়েছে একটি বেকারি। ভনভন করছে মাছি! কারিগরদের হাতে নেই গ্লাভস! নোংরা ঝুলে ভর্তি গোটা জায়গা! তার মধ্যেই তৈরি হচ্ছে পাউরুটি। যা দেখে কার্যত চোখ কপালে ওঠে আধিকারিকদের। পরিষ্কার না করে বেকারি খোলা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ফুড সেফটি আধিকারিকরা। এরই পাশাপাশি, সেখানকার একটি মিষ্টির দোকান ও তাদের রান্নাঘরে অভিযান চালানো হয়। তাতেও গা-ঘিনঘিন করা ছবি উঠে আসে।  এসব ছবি দেখে সকলের মনেই প্রশ্ন, নামিদামি রেস্টুরেন্ট বা বেকারিতে যদি এই মানের খাবার হয়, তাহলে কাদের ভরসা করা যায় ?