কলকাতা: তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। শেড ভেঙে ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা। ঘটনাস্থলে পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত, এলাকায় ঢুকছে একের পর এক অ্য়াম্বুল্যান্স। ভিতরে শ্রমিকরা আটকে রয়েছেন। চিৎকার, কান্নার শব্দও শোনা যায় দুর্ঘটনার পর। বাইরে থেকে নাম ধরে ধরে ডেকে তাঁদের সাড়া পাওয়ার চেষ্টা করেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকার্য। (Taratala Godown Collapse)
তারাতলা ব্রেসব্রিজে ট্রান্সপোর্ট ডিপোর কাছে গোডাউনটি অবস্থিত। তিনতলা গোডাউনটি নির্মীয়মান ছিল। সেই তিনতলা গোডাউনের ছাদই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ভিতর থেকে চিৎকারের শব্দ শোনা গিয়েছে। মহিলাও ভিতরে আটকে রয়েছেন বলে খবর। প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে। পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহনী পৌঁছেছে এলাকায়। গ্যাস কাটারও এসে পৌঁছেছে। গোডাউনটি আকারে বেশ বড়। চায়ের গোডাউন সেটি। তিন তলা বিল্ডিংয়ের উপরের দুই তলা আগেই ঢালাই হয়ে গিয়েছিল। একতলার ছাদ ঢালাই চলছিল। সেই সময়ই বিপদ ঘটে। (Taratala News)
সব মিলিয়ে ধ্বংসস্তূপের নীচে ৫০-৬০ জন আটকে বলে জানা যাচ্ছে। লোহার বড় বড় বিম সমেত ভেঙে পড়েছে গোডাউনটি। গ্য়াস কাটার দিয়ে লোহার বিমা কাটার চেষ্টা চলছে। একেবারে ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। লোহার বিম কেটে ভিতরে আটকে থাকা লোকজনকে বের করে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে অ্যাম্বুল্যান্সও। এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। তবে বিরাট এলাকা জুড়ে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। সেই ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকার্য চালাতে আনা হচ্ছে জেসিবি-ও। এসে পৌঁছেছে অত্যাধুনিক ক্রেন। সেনাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১২টা বেজে ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কাছে একটি পুজো চলছিল। হঠাৎ তীব্র শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে ছুটে আসেন অনেকে। চায়ের গোডাউন তৈরি হচ্ছিল। লোহার বিম বসিয়ে উপর থেকে ঢালাই করতে করতে নীচের দিকে নামছিলেন নির্মাণকর্মীরা। নীচের তলায় কাজ চলাকালীন সবসুদ্ধ ভেঙে পড়ে। আজ সবসমেত একেবারে ভেঙে পড়েছে। দুর্ঘটনার সময় ৫০-৬০ জন শ্রমিক ভিতরে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।
বড় জায়গা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। হাতে ম্যাপ নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে পুলিশ এবং উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া অবস্থায় যে কয়েক জনের সাড়া পাওয়া যাচ্ছে, বাইরে থেকে আত্মবিশ্বাস জোগানো হচ্ছে তাঁদের। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি বিধায়ক রাকেশ সিংহ। তিনি বলেন, "৫০-৬০ জন ভিতরে আটকে রয়েছেন। ৫-৬ জন মারা গিয়েছেন। যা হয়েছে অত্য়ন্ত দুর্ভাগ্যজনক বলব না, এটা গাফিলতি। শম্ভু বেরা বানাচ্ছিল। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, দায়ের করতে হবে এফআইআর।" দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-ও।এমন পরিস্থিতিতে বিপর্যয়ে কন্ট্রোল রুম খুলল বিপর্যয় মোকাবিলা দফতর । কন্ট্রোল রুমের নম্বর 1070, 8697981070, 033 22143526, 033 22535185.
