কলকাতা: ১ হাজার টাকা ভাতা নয়, বেতন বৃদ্ধি করতে হবে। একাধিক দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান শিক্ষক শিক্ষিকাদের। সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে সল্টলেক পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশ ভবন অভিযান। বিকাশ ভবনের সামনে মিছিল আসার পর পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। এরপর রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখায় সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সদস্যরা।

Continues below advertisement

আন্দোলনকারী এক শিক্ষিকা বলেছেন, ''আমাদের দীর্ঘদিনের বঞ্চনা। আমাদের সম্মানীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মানবিক মুখ দেখাবার। কিন্তু সেই প্রতিশ্রুতি আজ মিথ্যে প্রমাণিত হত। তিনি আমাদের সঙ্গে অবিচার করলেন। তাই আমরা আমাদের রাজ্যে আমাদের অভিভাবিকা মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছেই আবেদন জানাচ্ছি আমাদের যন্ত্রণার কথা জানাচ্ছি। আমরা খিদের জ্বালায়, পেটের জ্বালায়, কেউ দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছি, সেদিকে একবার দেখুন মাননীয়া।''

এদিকে, কিছুদিন আগেই বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছিলন, ইদানিং অযথা মানুষকে লাইনে দাঁড় করানোকে বদ অভ্যাসে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্বার্থে মানুষকে হয়রানি-ভোগান্তির অভিজ্ঞতা করানো ওনার SOP(আদর্শ কার্যপ্রণালী) হয়ে গেছে। বিগত ২ মাস ধরে অনুগত BLO-দের ব্যবহার করে ইচ্ছাকৃত ভুল-ত্রুটি করিয়ে মানুষকে SIR-এর লাইনে দাঁড় করিয়েছেন। এবার পালা বেকার যুবক-যুবতীদের। উত্তর দিনাজপুরের চোপড়ায় ও মালদার চাঁচলে বেকার ভাতার আবেদন করতে গিয়ে জুটেছে পুলিশের লাঠি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রবিবার শিব চতুর্দশীর দিন সেখানেও ৫-৭, ৮ লক্ষ যুবক-যুবতী তাঁরা লাইন দিয়েছেন, বাবা-মা লাইন দিয়েছেন। কী ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন।

Continues below advertisement

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে,গত ৫ ফেব্রুয়ারি,অন্তর্বর্তী বাজেটে 'বাংলার যুব সাথী' নামে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যে প্রকল্পের মাধ্যমে ন্যূনতম মাধ্য়মিক উত্তীর্ণরা সুবিধা পাবেন। প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে এই 'বেকার ভাতা' পাওয়া যাবে আগামী ৫ বছরের জন্য। প্রথমে, ২০২৬-এর ১৫ই অগাস্ট থেকে এই প্রকল্প চালু করার কথা হলেও, পরবর্তীকালে ভাতা দেওয়া শুরু করার সময়সীমা এগিয়ে আনেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''আমরা বলেছিলাম ১৫ অগাস্ট থেকে করব। কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফিনানশিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকেই দেব বলে ঠিক করেছি।'' সেই মত যুবসাথীর টাকা অ্য়াকাউন্টে ঢুকে গিয়েছে বলেই দাবি করেছেন অনেকে।