কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbour) বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় ডায়মন্ড হারবার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের হালদারপাড়ায়। এক সময় এই ডায়মন্ড হারবারকেই লোকে বলত অভিষেক গড় (Abhishek Banerjee Stronghold)! রেকর্ড ভোটে এখান থেকেই সাংসদ হয়েছিলেন তিনি। সেই ডায়মন্ড হারবারেই আক্রান্ত হলেন বিজেপি কর্মী সমর্থকরা।

Continues below advertisement

অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় আচমকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সুযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের উপর হামলা চালায় বলে দাবি স্থানীয়দের একাংশের। হামলাকারীদের হাতে লাঠি, রড ও হাতুড়ি ছিল বলেও অভিযোগ উঠেছে।                    

বিজেপির দাবি, হামলায় মহিলা-সহ একাধিক সমর্থক আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসাও করানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Continues below advertisement

বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবেই এলাকায় বিদ্যুৎ বন্ধ করে এই হামলা চালানো হয়েছে। ভোট-পরবর্তী পরিস্থিতিতে (Post Poll Violence) বিরোধী কর্মী-সমর্থকদের ভয় দেখাতেই এই ধরনের আক্রমণ বলে দাবি গেরুয়া শিবিরের।

যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তারকেশ্বরে বিজেপি মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ (Tarakeswar BJP Leader Assault)

অন্যদিকে, তারকেশ্বরে (Tarakeswar) বিজেপি মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি নেতা সাহেব মাঝি (Saheb Majhi)। তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ আজাহারকে গ্রেফতার করা হয়েছে। তিনি তারকেশ্বর ব্লকের তালপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা শেখ শাহআলমের ছেলে।

বিজেপির অভিযোগ, রাজনৈতিক কারণেই সাহেব মাঝির উপর হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত বিজেপি নেতার শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শেখ শাহআলম। তাঁর দাবি, বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের (BJP Internal Clash) জেরেই এই মারধরের ঘটনা ঘটেছে। তাঁর ছেলে নির্দোষ বলেও দাবি করেছেন তিনি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক সংঘর্ষের অভিযোগকে কেন্দ্র করে তারকেশ্বরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।