পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বারুইপুর পুলিশের স্পেশ্যাল অপারেশন টিমের হাতে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর তৃণমূল বিধায়ক বলেছেন, 'পুলিশ আমায় আজ গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই। মুম্বই যাচ্ছিলাম। পুলিশ হঠাৎ করে এখানে (বিমানবন্দর) এসে আমায় গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কী ব্যাপার। নিয়ে যাচ্ছে... জানি...'
ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। মমতা-তৃণমূলের এই বিধায়ককে কালীপুজোর পরের দিন অর্থাৎ ৯ নভেম্বর দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ জেলার বিশেষ দল। ক্যানিং পশ্চিমের বিধায়ক মুম্বইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি করেছে পুলিশ। এর পাশাপাশি পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
কী কী অভিযোগ রয়েছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
সরকারি জমি প্লট করে বিক্রি থেকে মাতলা নদীর চর জবরদখল করে বৃদ্ধাশ্রম তৈরি - এমন সব অভিযোগ আগেই উঠেছিল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। মাস দুয়েক আগে মমতা-তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ করেন ক্যানিং থানার এলাকার বাসিন্দা এক মহিলা। অভিযোগকারিণী বলেন, 'পরেশরাম দাস... উনি আমার গায়ে বাজে ভাবে হাত দেয়। আমি চিৎকার করায় উনি আমায় মারধর করে ধর্ষণ করে।' অভিযোগকারিণীর দাবি, ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে টিকিট পাইয়ে দেওয়ার কথা বলে ৪ লক্ষ টাকা দাবি করেন পরেশরাম দাস। স্বামীর কথা মতো সেই টাকা তিনি পরেশরাম দাসের হাতে পৌঁছে দিতে বিধায়কের তৈরি বৃদ্ধাশ্রমে গেলে তাঁকে শারীরিক হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর তাঁকে ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক।
রাজ্যে পালাবদলের পর, ২ সেপ্টেম্বর ক্যানিংয়ের SDPO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। সেই অভিযোগের প্রেক্ষিতেই সোমবার গ্রেফতার করা হয় ক্যানিং পশ্চিমের বিধায়ককে। পুলিশ সূত্রে দাবি, গোপনসূত্রে খবর আসে যে পরেশরাম দাস মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বিধাননগর কমিশনারেটের সাহায্য চায়। কলকাতা বিমানবন্দর থেকে সোমবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার পরেশরাম দাসকে তোলা হবে আলিপুর আদালতে।
