কলকাতা : নিট-প্রশ্নফাঁস ইস্যুতে বিক্ষোভের নাম করে শুক্রবার বিরাট বিশৃঙ্খলা সৃষ্ট হল কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে । বিক্ষোভ চলাকালীন এলোপাথারি বোতল, জুতো ও পাথর ছোড়া হয়। একাধিক সাংবাদিকরা নিগৃহীত হন। এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। চিহ্নিত অভিযুক্তদের বিরুদ্ধে প্রথমবার রাজ্যে'গুন্ডা দমন আইন' প্রয়োগ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।  শনিবার বিধানসভায় এ কথা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা  দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই আইনের আওতায় এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে "একদিন নয়, এই গুন্ডাদের তিন পুরুষ মনে রাখে।" 

Continues below advertisement

কী বললেন শোভনদেব চট্টোপাধ্যায় ?

এই ঘটনার প্রতিক্রিয়ায় বিধানসভায় কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'এখনই আমাদের মুখ্যমন্ত্রী বললেন, গতকালের আন্দোলনে ... ছাত্র আন্দোলনে চার জনকে উনি লোকেট করেছেন...যারা বোতল-পাথর ইত্যাদি ছুড়েছে। তার দ্বারা আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক। যে কোনও আন্দোলনে সাংবাদিকদের উপর আক্রমণের আমি নিন্দা করছি। এটা কখনওই সঠিক আন্দোলন নয়। আন্দোলন সব সময় হবে গণতান্ত্রিক আন্দোলন। ... সেই সঙ্গে এ-কথাও বলব, তারা কিন্তু সশস্ত্র ছিল না। সেখানে গুন্ডাদমনের মতো কঠোর আইন... তাই তাদের উপর গুন্ডাদমনের মতো কঠোর আইন প্রয়োগ করা...আমার মনে হয় ভেবে দেখা উচিত। আমার মনে হয়, আরও অনেক আইন আছে, সে আইন প্রয়োগ করা যায়।'

Continues below advertisement

বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও জানান, ঘটনায় ইতিমধ্যেই প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁর দাবি, চিহ্নিতদের একজনও ছাত্র নয়। সংশ্লিষ্ট মামলাগুলিতে 'গুন্ডা দমন আইন' যুক্ত করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি জানান। উল্লেখ্য, শুক্রবার ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে বোতল, জুতো এবং পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে, যার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।

কী ঘটেছিল শুক্রবার ?

NEET-এর প্রশ্নফাঁসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুক্রবার মিছিলের ডাক দেয় বাম সংগঠনগুলি। তাতে অংশ নেন 'ককরোচ জনতা পার্টি'র সদস্যরাও। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আসে মিছিল । প্রথমে শান্তিপূর্ণভাবেই এগোয় মিছিল। কিন্তু ডোরিনা ক্রসিংয়ে মিছিল পৌঁছতেই ছবিটা বদলে যায়। আন্দোলনকারীদের মধ্যে অনেকে প্লাস্টিকের বোতল, জুতো ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF।  

আরও পড়ুন : 'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে