কলকাতা : কোন দিকে দেব ? NCPI না 'কালীঘাট তৃণমূল' ? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ দেব। মঙ্গলবার NDA-এর বৈঠকে ছিলেন না দেব। মুখ্যমন্ত্রীর সঙ্গে NCPI সাংসদদের বৈঠকেও ছিলেন না তিনি। কোন দিকে দেব ? এই প্রশ্নের মুখে অবস্থান স্পষ্ট করেননি অভিনেতা-সাংসদ। বিধানসভা নির্বাচনের পর এক মাস কাটার আগেই ভেঙে খান খান হয়ে যায় তৃণমূল। বিধানসভায় পরিষদীয় দল যেমন চুরমার হয়ে গিয়েছে, তেমনই দিল্লিতে সাংসদরাও বিদ্রোহ ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য, তারকা সাংসদ দেবের বর্তমান অবস্থান কী তা নিয়ে উঠছে প্রশ্ন।

Continues below advertisement

সম্প্রতি NDA বৈঠকে না থাকলেও শুভেন্দু অধিকারীর বৈঠকে উপস্থিত থেকে বিশেষ বার্তা দিতে চেয়েছেন আবু তাহেররা। NDA-র সঙ্গে মিশে যেতে যে তীব্র আপত্তি রয়েছে, মঙ্গলবারের পর বুধবারও তা স্পষ্ট করে দিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ। NDA-র বৈঠকে না গেলে কী হয়েছে ? মুখ্য়মন্ত্রীর বৈঠকে তো ছিলেন। ৩ NCPI সাংসদের NDA বৈঠকে অনুপস্থিতি নিয়ে বাকি NCPI সাংসদরা আলাদা করে তাৎপর্য খুঁজতে নারাজ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেও, প্রধানমন্ত্রীর নেতৃত্বে NDA-এর বৈঠকে গরহাজির। মুর্শিদাবাদ জেলার ৩ সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান ও ইউসূফ পাঠানের এই রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয়েছে চর্চা। 'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI এবং বিজেপি...তখন বৈঠকে অনুপস্থিত থেকে অস্বস্তি বাড়িয়েছেন সংখ্য়ালঘু অধ্য়ুষিত মুর্শিদাবাদ জেলার NCPI-এর ৩ সাংসদ। আর এনিয়ে নিজেদের অবস্থানে এনড় রয়েছেন আবু তাহেররা।

Continues below advertisement

এ প্রসঙ্গে NCPI সাংসদ (বিদ্রোহী তৃণমূল সাংসদ) আবু তাহের বলেছেন, "আগেই বলেছি NDA-র মিটিংয়ে আমরা যাব না। আমরা ডাইরেক্ট বিজেপি করব না। বিজেপির সঙ্গে কোনও কিছু শেয়ার আমরা করতে চাইছি না।"

এদিকে বাকি ১৭ জন NCPI সাংসদ বারবার বোঝানোর চেষ্টা করছেন যে NCPI ঐক্যবদ্ধ রয়েছে এবং তাঁরা NDA-র সঙ্গেই আছেন। এ প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "দেখুন আমি যতদূর জানি যে ২০ জন NCPI-এর সাংসদ NDA-তে যোগ দিয়েছেন। এই সমস্ত দ্বিচারিতা থেকে দূরে থাকুন। আমার যেমন বেণী তেমনি রবে, চুল ভেজাব না। এ নাটকও কিন্তু মানুষ হজম করবে না।" এই পরিস্থিতিতে অভিনেতা-সাংসদ দেবের অবস্থান নিয়েও শুরু হয়েছে চর্চা।