কলকাতা: TMCP-র প্রতিষ্ঠা দিবসে নাম না করেই নিশানা কুণালের। এদিন বক্তব্যের শুরুতেই নাম না করেই তৃণমূল ত্যাগী বিদ্রোহী শিবিরকে তীব্র আক্রমণ শানান কুণাল ঘোষ।
"যে কটা গদ্দার ধোপার বাড়ি গিয়েছে..."
কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘এরাজ্যের বিরোধী কণ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নের্তৃত্বে চলবে। ..মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছিলেন, ৫ জেনারেশন তৈরি করে রেখে যাব।’ বিদ্রোহী শিবিরকে কটাক্ষ করে বলেন,’ অভিষেক একটু সেলফি হবে ? অভিষেক এখানে রয়েছেন, আমি অনুরোধ করব, যে কটা গদ্দার ধোপার বাড়ি গিয়েছে, দিল্লিতে ২০ জন, আর এখানে যারা গিয়েছে, তাঁদের মধ্যে সকলকে খারাপ আমি বলব না। কয়েকটা চোর, নিজেদের সম্পত্তি আড়াল করতে গিয়েছে। ..আমি পুলিশকে অনুরোধ করব, হচ্ছেটা কী ? একের পর এখ থানার ওসির কাছ থেকে খবর আসছে, আমাদের ছেলেদের ডেকে বলা হচ্ছে, এই রাজনীতি করলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে, আপনাদের কেসের পর কেস দিয়ে দেব। করবেন না, আমরা আইন মেনে চলি।করবেন না, ডাইরি আমাদেরও আছে। ঠিকানা আমাদেরও লেখা থাকছে।৩১ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আবার সরকার গড়ে, যারা আজকে জুলুম করছে, তাঁদের বিচার হবে।’
রাজ্য-রাজনীতিতে আজ হাইভোল্টেজ শুক্রবার
রাজ্য-রাজনীতিতে আজ হাইভোল্টেজ শুক্রবার, TMCP-র প্রতিষ্ঠা দিবসে প্রতিযোগিতার পথে দুই তৃণমূল। ক্যাথিড্রাল রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন করছে 'কালীঘাট-তৃণমূল' এবং রানি রাসমণি অ্যাভিনিউতে সভা করছে 'ঋতব্রত-তৃণমূল'। তবে এদিন কুণাল ঘোষের পাশাপাশি একাধিক ইস্যুতে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কালীঘাট তৃণমূল কর্মীদের গ্রেফতারি প্রসঙ্গেও এদিন অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি যাদবপুর কাণ্ড থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কোনও ইস্যুই বাদ দেননি তিনি। তবে এদিন সাংবাদিক বৈঠকে তোপ দেগেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। এদিন তিনি মমতার বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে মূলত 'আজে বাজে কথা' বলে উল্লেখ করেছেন। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি বলেছেন, 'কোনও কাজ নেই', তার গান কেউ আর শুনছে না, তার বই-ছবি কোনওটাই বিক্রি হচ্ছে না, তাই রিলস করে বেড়াচ্ছেন নাকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলে কটাক্ষ দেবজিতের।
