কলকাতা : রাজ্য়ে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রীরা গ্রেফতার হচ্ছেন দুর্নীতির অভিযোগে। এবার সেই তালিকায় তৃণমূল জমানার আরও এক হেভিওয়েট মন্ত্রী। পুলিশের জালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করা হয় উদয়ন গুহকে। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এই গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
উদয়ন গুহর বিরুদ্ধে 'আবাস যোজনা'র ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। স্বেচ্ছাসেবী সংস্থা 'শিশু মঙ্গল' সমিতির নামে টাকা তোলারও অভিযোগ তাঁর বিরুদ্ধে। দিনহাটার বাসিন্দা অভিযোগকারী রূপম সাহা জানান, ''উদয়ন গুহ শিশু মঙ্গল সমিতি নামে একটা উদ্য়োগ নিয়েছিলেন। এই উদ্য়োগকে বাস্তবায়িত করতে দিনহাটার সব ব্য়বসায়ী...সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা তোলা হয়। বড় মাপের ব্য়বসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। সব মিলিয়ে ৩০-৩৫ কোটি টাকা তোলা হয়েছে। কিন্তু তার ৫ শতাংশ কাজও হয়নি।'' এর আগে ২০২১ সালে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির দেওয়া কুখ্যাত দুষ্কৃতী তালিকায় ছিল উদয়ন গুহর নাম। আরও পড়ুন - চড়াম চড়াম ঢাক থেকে DJ বাজানো, তৃণমূলের ১৫ বছরের শাসনে হুমকি-হুঁশিয়ারির তালিকায় কারা ?
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ উদয়ন গুহার গ্রেফতারি নিয়ে কটাক্ষের শুরে আক্রমণ শানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''আপনারা উদয়ন গুহর যে সমস্ত বাইট দেখাতেন। উনি এতদিন বাইরে ছিলেন কি করে? সমাজবিরোধীদের মতো কথাবার্তা! আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল। উনার বিরুদ্ধে অভিযোগ আজকের নয়। উনার বাবা যখন বেঁচে ছিলেন সেই সময় সার কেলেঙ্কারি! সব রকম গুণ ছিল। বাকি লোকজন দেখেছে। কমপ্লেন করেছে। সবাই দেখেছে। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।''
উল্লেখ্য, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার হতেই উচ্ছ্বাসের ছবি দেখা গেছে কোচবিহারে। উদয়ন গুহ গ্রেফতার হওয়ার পর বুধবার রীতিমতো মিষ্টি খেয়ে আবির খেলতে দেখা গেছে বিজেপি কর্মী-সমর্থকদের। উপস্থিত ছিলেন দিনহাটার বিজেপি বিধায়কও। আরও পড়ুন - এতো সোনা ! সব্যসাচী দত্ত কী 'স্বর্ণভাণ্ডারের' মালিক ? কত কোটির গোল্ড উদ্ধার হয়েছে ?
