কলকাতা: বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদলির বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন অধ্যাপকদের একাংশ। বুধবার লোকভবনে পাঠানো এই চিঠিতে লেখা রয়েছে, অধ্যাপক বদলির ফলে, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, শিক্ষার স্বাধীনতা, শিক্ষকতা ও গবেষণার ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে। চিঠিতে তাঁরা এও লিখেছেন, বিশ্ববিদ্যালয়কে কোনও প্রশাসনিক ব্রাঞ্চ অফিস হিসেবে দেখা যায় না, যেখানে ইচ্ছেমতো এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা যেতে পারে।               

Continues below advertisement

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনা: গ্রাম থেকে শহর, পাকা বাড়ির জন্য কারা পাবেন সরকারি সহায়তা?

চিঠিতে অধ্যাপকদের একাংশ আশঙ্কাপ্রকাশ করেছেন, "এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, শিক্ষার স্বাধীনতা, শিক্ষকতা, গবেষণার ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে। বিশ্ববিদ্যালয়কে কোনও প্রশাসনিক শাখা অফিস হিসেবে দেখা যায় না। যেখানে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা যায়। বদলির ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষতি হতে পারে। ওই অধ্যাপকের কাছে PHD গবেষণারত ছাত্রছাত্রীরা চরম সমস্যায় পড়তে পারেন।"               

Continues below advertisement

অর্থাৎ, গবেষণার জন্য পাওয়া বহিরাগত অনুদান শুধু একজন একক গবেষককে নয়, নির্দিষ্ট ল্যাবরেটরি, গ্রন্থাগার ও প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর সঙ্গে যুক্ত গোটা দলকে দেওয়া হয়। প্রকল্প চলাকালীন প্রধান গবেষক বা গুরুত্বপূর্ণ সদস্যকে সরিয়ে দিলে চলতি ও ভবিষ্যৎ অনুদান ঝুঁকির মুখে পড়তে পারে। অনুদানে গড়ে ওঠা ল্যাবরেটরি, যন্ত্রপাতি, গ্রন্থাগার ও গবেষণা পরিকাঠামোরও ক্ষতির আশঙ্কা রয়েছে। একইভাবে, PHD গবেষণায় গবেষক ও সুপারভাইজারের নিয়মিত যোগাযোগ এবং রিপোর্ট ও ভাইভার মতো আনুষ্ঠানিক প্রক্রিয়া জরুরি। সুপারভাইজার বদলি হলে সেইসমস্ত গবেষকরাও সমস্যায় পড়বেন।           

আরও পড়ুন: অসংগঠিত শ্রমিকদের জন্য মাসে ৩ হাজার টাকা পেনশন, এই প্রকল্পে কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন নাম নথিভুক্ত?

উল্লেখ্য, কয়েক দিন আগেই বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে পাস হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) (অ্যামেন্ডমেন্ড) বিল ২০২৬ (The West Bengal Universities and Colleges (Administration and Regulation) Amendment Bill, 2026)। পক্ষে ভোট পড়েছে ১৭১টি। যার মধ্যে 'কালীঘাট তৃণমূল' -এর ১১ বিধায়ক সহ বিপক্ষে ভোট দিলেন ১৫ জন। অন্যদিকে, কোনও পক্ষে না থেকে ওয়াকআউট করেছে 'ঋতব্রত তৃণমূল'।