সুনীত হালদার , কলকাতা : টানা বর্ষণে প্লাবিত দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। আর এই বন্যার জেরে সবজি বাজারে আগুন লেগেছে। চাষের জমিতে হাঁটু সমান জল জমে গিয়েছে । এর  ফলে অনেক জায়গাতেই মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে।  ফলে পুজোর আগে মাথায় হাত চাষি ও  সবজি ব্যবসায়ীদের। বাধ্য হয়েই চড়া দামে বিক্রি করতে হচ্ছে সবজি - ফল।  হাওড়া পাইকারি সবজি বাজারে অধিকাংশ সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে । টান পড়েছে ক্রেতাদের পকেটে। 

হাওড়া স্টেশন লাগোয়া  পাইকারি সবজি বাজারে অধিকাংশ সবজির দাম লাফিয়ে বেড়েছে। দাম আরও বাড়বে বলেই আশঙ্কা।  পাইকারি বাজারে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রতিদিন ছোট ছোট লরিতে নানা ধরনের সবজি আসে। এখান থেকেই হাওড়া এবং কলকাতার সবকটি বড় বাজারের খুচরো সবজি বিক্রেতারা সবজি কিনে নিয়ে যান। সম্প্রতি  সবজি চাষে প্রচুর ক্ষতি হয়েছে এমনটাই জানিয়েছেন চাষিরা। এর জেরে হাওড়া পাইকারি সবজি বাজারে সবজির জোগান অনেকটাই কমে গেছে ঝট করে। বাজারে সবজির জোগান কমে যাওয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে পটল, ঝিঙে, কাঁচা লঙ্কা, টমেটো, কুমড়ো, করোলা, বরবটি, বেগুন, ঢেঁড়স, লাউ, ওল, বাঁধাকপি এবং কচুর মতো রোজকার প্রয়োজনীয় সবজির দাম।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, 'মাঠের সবজি মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। তাই বাজারে সবজির জোগান কমে গিয়েছে। গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ বা তার বেশি সবজির দাম বেড়েছে। আরো বাড়তে পারে। '

এদিকে খুচরো বিক্রেতারাও জানিয়েছেন, 'পাইকারি দামের ওপর কেজি প্রতি আরো ১৫ থেকে ২০ টাকা দাম বাড়িয়ে তা খুচরো  বাজারে বিক্রি করা হচ্ছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ার ফলে ক্রেতারাও সবজি কেনা অনেক কমিয়ে দিয়েছেন।  ব্যবসা মার খাচ্ছে।' 

সবজির দাম 

(হাওড়া পাইকারি সবজি বাজারে কেজি প্রতি দাম)

 

সবজি  আগের দাম  এখন যা দাম 
ঢেঁড়স২০ ৪০ 
বেগুন৪০৮০ 
কাঁচা লঙ্কা৮০১২০ 
করোলা৩০ ৫০
পটল৩৬৬০
বরবটি৪০১০০
ঝিঙে৩০৬০
কুমড়ো২০ ৩০
বাঁধাকপি৩০৫০
ওল৪৪৭০

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বাংলা-ঝাড়খণ্ডের সব সীমানা বন্ধ রাজ্যের, পুরুলিয়ায় লরির সারি